অধ্যাপক রেজাউল হত্যার বিচার চেয়ে আন্দোলন স্থগিত
মন্ত্রীদের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম।
আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলনে শাহ্ আজম বলেন, মন্ত্রীদের উদ্যোগ, আন্তরিকতা এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবি করে চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। দোষীদের শনাক্তকরণে এবং শাস্তিবিধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিকতার অভাব পরিলক্ষিত হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে ইংরেজি বিভাগও গতকাল সোমবার থেকে তাদের চলমান কর্মসূচি স্থগিত করেছে। বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার জানান, মামলার অগ্রগতি না দেখলে ক্যাম্পাসের গ্রীষ্মকালীন ছুটি শেষে নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে।
গত ২৩ এপ্রিল থেকে শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগ শিক্ষক হত্যার বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২০
থেকে ২৬ মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের এসে আন্দোলনে সংহতি প্রকাশ করে শিক্ষক হত্যার দ্রুত বিচারের আশ্বাস দেন। ওই সময় তাঁরা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যেতে শিক্ষকদের অনুরোধ করেন।
গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।