অধ্যাপক রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-সমাবেশ
অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ছাড়া মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইংরেজি বিভাগ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আজ সকাল ১০টায় মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে যোগ দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা কোনো কাজে মনোনিবেশ করতে পারছি না। না পারছি ক্লাস নিতে, না পারছি পরীক্ষা নিতে, না পারছি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে। আমরা শঙ্কার মধ্যে আছি। তাই যত দিন অধ্যাপক রেজাউল হত্যার বিচার না হবে তত দিন আন্দোলন চালিয়ে যাবে।’ তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
ইংরেজি বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘বিচার না হওয়ার কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না। তাই সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার করে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে দিন।’
মানববন্ধনে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘একের পর এক হত্যা—এটা কোনো রাষ্ট্রের কালচার হতে পারে না। যেখানে জ্ঞান চর্চা হবে না, সংস্কৃতি চর্চা হবে না, মুক্তবুদ্ধির চর্চা হবে না, সেখানে জাতি ধ্বংস হতে বাধ্য। এ বিচার করে দ্রুত এসব হত্যাকাণ্ড বন্ধ করুন।’
মানববন্ধন শেষে ইংরেজি বিভাগ সেখান থেকে মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, প্রভাষক রিদিতা মিজান, অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভী প্রমুখ।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। মামলাটি বর্তমানে নগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে।