অধ্যাপক শফিউল হত্যা: ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগপত্র দিয়েছে পুলিশ। চলতি বছরের ২৫ নভেম্বর এ অভিযোগপত্র দেওয়া হলেও আজ বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেন।

তদন্ত কর্মকর্তারা বলেন, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১১ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়। এই ১১ জনের মধ্যে আনোয়ার পলাতক আছেন, বাকি ১০ জন কারাগারে। কারাগারে থাকা আসামিরা হলেন পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সবুজ, সাগর, জিন্নাত আলী, সিরাজুল ইসলাম কালু, আরিফ, আল মামুন, ইব্রাহিম খলিল বাবু ও নাসরিন আক্তার রেশমা। গত ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র গৃহীত হয়।

২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় নিজের ভাড়া বাড়ির সামনে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিন তদন্ত কর্মকর্তা বদলের পর সর্বশেষ চলতি বছরের ২৫ অক্টোবর মামলার তদন্তভার নেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।

জানতে চাইলে আজ বিকেলে রেজাউস সাদিক প্রথম আলোকে বলেন, ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।