অধ্যাপক শফিউল হত্যায় খুনিদের সাজা চাইলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

অধ্যাপক শফিউল ইসলাম হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘এ ঘটনায় গোটা জাতির সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একজন জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবেন, তা কারোরই কাম্য নয়।’ তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা দেওয়ার আহ্বান জানান।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।