অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে জগন্নাথে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, শিক্ষককে হত্যা করে জাতির বিবেককে হত্যা করা হয়েছে, যা কেনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায়ই হত্যাকাণ্ড চালাচ্ছে একটি মহল। শিক্ষক শফিউল ইসলামকেও তারা হত্যা করেছে—এমন অভিযোগ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আক্কাস, সাধারণ সম্পাদক পরিমল বালা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জুনায়েদ আহমদ প্রমুখ বক্তব্য দেন।