
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের পুকুরের উত্তর পাড়। সারি সারি ইটের স্তূপ। এক পাশে বালু। অন্য পাশে সুরকি-সিমেন্ট। কয়েকজন শ্রমিক কাজ করছেন। মৎস্যবিজ্ঞান বিভাগের জন্য নির্মাণ হচ্ছে পাঁচতলা ভবন। ভবনের পুরোটাই লাল ইটের—অধ্যাপক মোহাম্মদ শফির স্বপ্নের ইমারত।
অধ্যাপক শফির হাত ধরেই ১৯৯৮ সালে যাত্রা শুরু করে নতুন এই বিভাগটি। বিভাগের সবকিছুই তাঁর নিজের হাতে সাজানো। বিশ্ববিদ্যালয় থেকে অবসরে গেছেন ২০০৫ সালে। তবে ৭৮ বছর বয়সী এই শিক্ষক এখনো নিয়মিত ক্লাস নেন। বললেন, ক্লাস করালে দিনটা ভালো যায়।
দীর্ঘ শিক্ষকতাজীবনে কখনো বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে নিজেকে জড়াননি অধ্যাপক মোহাম্মদ শফি। বিভাগের উন্নয়ন, গবেষণা, প্রকল্প আর ক্লাস নিয়েই কেটেছে। পাঁচটি গবেষণাগ্রন্থ, একটি আত্মজীবনী, ৭০টির মতো প্রবন্ধ প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে। ২০০৭-এ সংখ্যাতিরিক্ত, এখন তিনি সাম্মানিক শিক্ষক।
বর্তমানে বিভাগের ক্লাস চলে প্রাণিবিদ্যা আর অণুজীববিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে। নিজস্ব ভবন করতে ২০০০ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। সে টাকায় পাঁচতলার ভিতসহ একতলা পর্যন্ত হয়ে তা থেমে যায়।
অধ্যাপক শফি বলেন, অর্থাভাবে প্রায় ১৫ বছর আটকে ছিল নিজস্ব ভবনের নির্মাণকাজ। তিনি নিজের উপার্জন থেকে জমানো প্রায় ৭০ লাখ টাকা দিয়ে এখন সেই কাজ আবার শুরু করেছেন। এখন সেই টাকা থেকেই হচ্ছে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা। এই কাজের শুরুটা হয় ২০১৪ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একজন শিক্ষকের নিজস্ব সঞ্চয় থেকে এই বৃহৎ অনুদান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। শিক্ষা ও গবেষণার উন্নয়নে তাঁর এই অনুদান ও মহানুভবতা সমাজের প্রতিষ্ঠিত এবং ধনাঢ্য ব্যক্তিদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
শিক্ষা ক্ষেত্রে অধ্যাপক শফির সহায়তা এটিই প্রথম নয়। তিনি তাঁর বাড়ি বগুড়ার সান্তাহারে বিপি হাইস্কুলে ২০০১ সালে বাবার নামে চালু করেন ‘আবদুল লতিফ ছাত্রবৃত্তি কল্যাণ ফান্ড’। এই স্কুল থেকেই তিনি ১৯৫৫ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন। মায়ের নামে পাশের কলসা আহসানউল্লাহ ইনস্টিটিউশনে চালু করেন ‘আমেনা খাতুন ছাত্রীবৃত্তি কল্যাণ ফান্ড’। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন লাখ টাকায় গঠন করেন ‘আমেনা-লতিফ ট্রাস্ট ফান্ড’। এখান থেকে প্রতিবছর মৎস্যবিজ্ঞান বিভাগের তিনজন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। পরের বছর নিজের নামে গঠন করেন ‘ড. মোহাম্মদ শফি ট্রাস্ট ফান্ড’, এখান থেকেও দুজন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
অধ্যাপক শফি বলেন, ‘মানুষের জীবন দুই ধরনের। এক. আদর্শ জীবন। দুই. সুখী জীবন। সুখী জীবনে কেবল বর্তমানকে নিয়েই বেঁচে থাকা। আর আদর্শ জীবনে অতীত, বর্তমান আর ভবিষ্যতের অস্তিত্ব। ভবিষ্যতের জন্য ভবনটি নির্মিত হচ্ছে। এতেই আমার সমস্ত সুখ।’ তিনি বলেন, পারিবারিকভাবে সচ্ছল থাকায় শিক্ষকতাজীবনের শুরুতে বেতন অল্প হলেও তাঁকে শুধু সেই টাকায় নির্ভর করতে হয়নি। পরে দেশ-বিদেশে বিভিন্ন সময়ে গিয়েছেন গবেষণা করতে। বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। সেখান থেকেও আয় হয়েছে। বেশ ভালো সঞ্চয় হয়েছে। সেই সঞ্চয় থেকেই শিক্ষা ক্ষেত্রে ব্যয় করছেন। এ ছাড়া সাভারে একটি প্লট কিনেছিলেন।
সেটি বিক্রি করে যে টাকা পেয়েছেন, তার পুরোটাই দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে।
ব্যক্তিজীবনে অধ্যাপক শফি তিন ছেলেমেয়ের বাবা। চাকরির সুবাদে তাঁরা সবাই দেশের বাইরে। ঘোরাঘুরি আর ফটোগ্রাফির শখ অধ্যাপক শফির। কষ্টের কথা বলতে গিয়ে স্মরণ করলেন মাকে। ১৯৭১ সালে অধ্যাপক শফি ছিলেন চট্টগ্রামে। চট্টগ্রাম সরকারি কলেজে শিক্ষকতা করছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর স্ত্রী সন্তানসম্ভবা থাকায় চট্টগ্রাম ছেড়ে যাননি। একাধিকবার পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বেঁচে যান। ওদিকে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে সান্তাহারে শহীদ হলেন মা, দুই ভাই ও তাঁদের স্ত্রীরা।
চট্টগ্রাম কলেজের আগে ব্রাহ্মণবাড়িয়া কলেজ, যশোরের এমএম কলেজেও কিছুকাল শিক্ষকতা করেছেন অধ্যাপক শফি। তিনি ১৯৬৯ সালে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ১৯৭২ সালে যোগ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৩ সালের জুনে প্রাণিবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার শুরু। চার বছরের অবৈতনিক ছুটি নিয়ে ১৯৭৮ সালে ইরাকের বাগদাদ বিশ্ববিদ্যালয়ে মাছের ওপর গবেষণা করেন। দেশে ফিরে পুনরায় যোগ দেন নিজ বিভাগে। ১৯৯৮ সালে গড়ে তোলেন ‘অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ বিভাগ’ যা এখন নাম পাল্টে মৎস্যবিজ্ঞান বিভাগ। এই বিভাগের লাল ইটের ভবনেও স্মারক হয়ে থাকবে তাঁর সারা জীবনের সঞ্চয়।