অধ্যাপক-সহযোগী অধ্যাপক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮০০। তাঁদের জন্য শিক্ষক আছেন ৭১ জন, স্থায়ী-অস্থায়ী মিলে কর্মকর্তা-কর্মচারী ৩৬৮ জন। তবে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক নেই। এ অবস্থায়ই চলছে সাত বছর বয়সী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।শিক্ষাবিদ সেকান্দার হায়াত বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই অধ্যাপক থাকা জরুরি। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক না থাকলে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ-সুবিধার অভাব থাকায় অভিজ্ঞ শিক্ষকেরা এগুলোতে আসতে চান না। সরকারের এদিকে নজর দেওয়া উচিত।উপাচার্য এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বারবার বিজ্ঞপ্তি দিয়েও অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষক পাওয়া যাচ্ছে না। জ্যেষ্ঠ শিক্ষক না থাকায় নতুন শিক্ষকেরা দিকনির্দেশনা পাচ্ছেন না। সম্প্র্রতি পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে মাত্র একজন আবেদন করেছিলেন। কিন্তু তিনিও পরীক্ষা দিতে আসেননি। শিক্ষক না পাওয়ার বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর নজরেও এনেছেন বলে জানান।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৯ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের সন্তোষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল ইসলাম মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগে ৭১ জন শিক্ষক আছেন। এর মধ্যে ৩৭ জন সহকারী অধ্যাপক ও ৩৪ জন প্রভাষক। এদিকে চলতি শিক্ষাবর্ষে গণিত পরিসংখ্যান, রসায়ন, ইংরেজি ও বিবিএ এই চারটি নতুন বিভাগ খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড (পরিচালনা পরিষদ) সিদ্ধান্ত নিয়েছে। এসব বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। অথচ এই চারটি বিভাগের শিক্ষা কার্যক্রম চলতি শিক্ষাবর্ষে চালুর কথা বলা হচ্ছে।বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য নেই। রেজিস্ট্রার ও পরিচালক (হিসাব) পদে চুক্তিভিত্তিক অস্থায়ী লোক নিয়োগ করে চলছে কার্যক্রম। রেজিস্ট্রারের চুক্তির মেয়াদ আগামী ৯ জুন শেষ হচ্ছে। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদ শূন্য থাকায় পরিচালক (হিসাব) অতিরিক্ত হিসেবে এ বিভাগের দায়িত্ব পালন করছেন। দুর্নীতির অভিযোগে প্রধান প্রকৌশলী বরখাস্ত হয়েছেন অনেক দিন আগে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ শূন্য থাকায় কোষাধ্যক্ষকে নিজ দায়িত্বের বাইরেও এসব বিভাগের কাজ তদারক করতে হচ্ছে।কোষাধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয়ের ওপরের দিকের পদগুলোতে লোক নেই বললেই চলে। তবে অধ্যাপক পদে নিয়োগের চেষ্টা চলছে। অন্য বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক আনার চিন্তাভাবনা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং অপরাধবিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে অধ্যাপক থাকলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পেত। তাঁদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা পাওয়া যেত।