অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ১২ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মনিরা বেগম, নুজায়রা তারান্নুম, মালিহা তাবাসসুম, তানজিনা তানিন, আলী আহসান, এমরান হোসেন, মো. আশরাফুল গনি, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, মো. জাহিদ-ই-হাসান, বাপ্পী কুমার পাল ও শামীমা সুলতানা।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন। উপাচার্য বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে অবশ্যই সৎ, দেশপ্রেমিক এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করার জন্য তিনি পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন পরিবেশ ও মানবাধিকারকর্মী ফিলিপ গাইন। তিনি মধুপুর শালবনের ওপর একটি প্রবন্ধ পাঠ করেন। তিনি বলেন, সিতারা পারভীন শেষের দিকে টাঙ্গাইলের মধুপুরের শালবন, সেখানকার গারো নারী ও পরিবেশ নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর অকালমৃত্যুতে এটা অসম্পূর্ণ থেকে গেছে।
ফিলিপ গাইন বলেন, ১৯৮০ সালের দিকেও শালবনে দেশীয় প্রজাতির প্রচুর গাছপালা, ঔষধি গাছ ছিল। কিন্তু রাবার, ইউক্যালিপটাস ও আকাশির মতো বিদেশি গাছের প্রভাবে দেশি গাছগুলো চিরদিনের জন্য হারিয়ে যেতে বসেছে। এমনকি শালগাছের সংখ্যাও কমে গেছে। আগে সেখানে ঝাঁকে ঝাঁকে সোনালি বানর, কালোমুখো হনুমান, হরিণ, বিভিন্ন জাতের পাখি, মেছোবাঘ, বনমোরগ থাকলেও রাবারবাগান করতে গিয়ে নিধন করা হলো এসব।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্বামী অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।