অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলার আবেদন, বাম জোটের নিন্দা
একটি লেখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে চট্টগ্রামের আদালতে। এর প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোট বলেছে, বরেণ্য ব্যক্তি ও লেখকদের নামে মামলা দিয়ে ক্ষমতাসীনেরা মুক্তবুদ্ধি, চিন্তা ও বাক্স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
চট্টগ্রামভিত্তিক লেখক–সাহিত্যিকদের সংগঠন চট্টগ্রাম একাডেমির প্রকাশনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা প্রকাশিত হয়েছে। ওই লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করা হয়েছে অভিযোগ করে গতকাল মঙ্গবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী। আবেদনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ এবং লেখক নেছার আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন রেখেছেন আদালত। এর প্রতিবাদ জানিয়ে আজ বুধবার বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বিবৃতিদাতাদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবীর ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গণবিচ্ছিন্ন সরকার এখন গাছের পাতা পড়লেও ভয়ে চমকে উঠছে। ফলে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ায় তৎপর রয়েছে। বর্তমান সরকার ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতেই মুক্তচিন্তার মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করছে।’