অধ্যাপকের পদ ২২টি আছেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকটের কারণে ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজে শিক্ষকদের মোট পদ ১২৭টি, আছেন ৮০ জন। এর মধ্যে অধ্যাপকের পদ রয়েছে ২২টি। কর্মরত আছেন দুজন। কলেজটিতে সহযোগী অধ্যাপকের ৩৩টি পদের বিপরীতে আছেন ১০ জন। তবে সহকারী অধ্যাপকের ৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৮ জন। প্রভাষকের ৩১টি পদের বিপরীতে আছেন ২০ জন। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, এই মেডিকেল কলেজে গড়ে ৫০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক-স্বল্পতার কারণে প্রথম ও দ্বিতীয় বর্ষের বেশ কিছু ক্লাস নিয়মিত হয় না। তৃতীয় থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ২৫টি ক্লাসের মধ্যে হয় মাত্র ১৭ থেকে ১৮টি। তবে ওয়ার্ডের ক্লাস নিয়মিতই হয়। কলেজ সূত্রে জানা গেছে, গত দুই বছরে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ১২ জন শিক্ষক চাকরি ছেড়ে দিয়েছেন। এর মধ্যে অধ্যাপক চারজন, সহযোগী অধ্যাপক একজন, সহকারী অধ্যাপক ছয়জন এবং প্রভাষক পদের একজন। চাকরি ছেড়ে দেওয়া শিক্ষকদের মধ্যে একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা চাকরি ছাড়ার যেসব কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে প্রধান হচ্ছে, ঢাকায় থাকতে না পারা। বেশির ভাগ শিক্ষকের পরিবার-পরিজন ঢাকায় থাকে। তাঁরা পরিবারের সঙ্গে থাকতে আগ্রহী। তা ছাড়া সরকারি কলেজ থেকে বেসরকারি প্রতিষ্ঠানে বেতন ও ভাতা অনেক বেশি। এটিও চাকরি ছাড়ার অন্যতম কারণ। সর্বোপরি আছে রাজনৈতিক কারণে সঠিক নিয়মে পদোন্নতি না পাওয়ার যন্ত্রণা। তবে এই মেডিকেল কলেজে বর্তমানে কর্মরত শিক্ষকদের হাজিরা সন্তোষজনক বলে মনে করে কলেজ কর্তৃপক্ষ। ছয় মাস আগে নিয়মিত কলেজ না করার জন্য ১১ জন শিক্ষককে কারণ দর্শাও নোটিশ পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই শিক্ষকেরা অভিযোগের জবাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কলেজের অধ্যক্ষের কাছে তাঁদের ব্যাপারে জানতে চেয়েছে। ভবিষ্যতে এ জাতীয় আচরণ আর করবেন না—এই মর্মে ওই শিক্ষকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অধ্যক্ষ তাঁদের ছাড়পত্র দিলে স্বাস্থ্য অধিদপ্তর তাঁদের কারণ দর্শাও নোটিশগুলো প্রত্যাহার করে নেয়।কলেজ সূত্র জানায়, ছয় মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের হাজিরা নিয়মিত করতে বিশেষ উদ্যোগ নেয়। এতে অনলাইনে প্রতিদিন সকাল নয়টার মধ্যে শিক্ষকদের হাজিরাসংক্রান্ত প্রতিবেদন অধিদপ্তরে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে শিক্ষকদের হাজিরা আগের তুলনায় বেশ সন্তোষজনক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘কলেজে শিক্ষক-সংকট দূর করতে শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে জানিয়েছি। আগে কর্মরত শিক্ষকদের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতা থাকলেও নতুন কিছু নীতিমালা গ্রহণ করায় সে প্রবণতা হ্রাস পেয়েছে।’