অনটনের জীবনে সাফল্যের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম দরিদ্র পরিবারের সন্তান ওরা। ওদের জীবন অভাব-অনটন ও দুঃখে ভরা। লেখাপড়ার জন্য ওরা পরিবার থেকেও কোনো খরচ পায়নি। উল্টো ওদের অনেককে দিনমজুরি করতে হয়েছে। উপার্জনের টাকা দিয়ে ওরা সংসার চালিয়েছে, আবার নিজে পড়েছে। তবু ওরা হাল ছাড়েনি। অদম্য মেধা ও কঠোর পরিশ্রম করে অনটনের জীবনে ওরা এনেছে সাফল্যের কিরণ। কেননা, ওরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।জোগালির কাজ করেছে আমিন: লেখাপড়ার খরচ জোগাতে বড় ভাই নির্মাণশ্রমিক মহিনউদ্দিনের সঙ্গে জোগালি (সহযোগী) হিসেবে কাজ করেছে আমিনউদ্দিন। শত কষ্ট, বাধায়ও হাল ছাড়েনি। লেখাপড়া করেছে নিয়মিত। তারই ফল পেয়েছে আমিন। নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ও। এর আগে ও অষ্টম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। আমিন বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের রাজমিস্ত্রি সৈয়দ আহম্মদের ছেলে। আমিনউদ্দিন বলে, ‘শিক্ষকেরা আমাকে প্রাইভেট পড়িয়েও টাকা নেননি। তাঁরা নানাভাবে সহযোগিতা করেছেন।’ দিনমজুরি করত কামরুল: বিদ্যালয় যখন বন্ধ থাকত তখন মাটি কাটার কাজ আর দিনমজুরি করে লেখাপড়ার খরচ জোগাত ফেনীর সোনাগাজী উপজেলার কামরুল ইসলাম। তাতেও চলেনি। বাজারের ব্যবসায়ীদের চাঁদার টাকায় তার এসএসসির পরীক্ষার ফরম পূরণ করা হয়। ওই কামরুল সোনাগাজীর ওলমাবাজার হাজি সেকান্দার আলী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। কামরুলের বাবা সাহাবউদ্দিন রিকশা চালান। জমিজমা নেই। বাড়িতে ছোট্ট একটি খড়ের ঘর। কামরুলের ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে বিচারক হওয়া। কামরুল বলে, ‘বাবার একার রোজগারে সংসার চলে না। অষ্টম শ্রেণীতে ওঠার পর লেখাপড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। মা ও পাশের বাড়ির কলেজছাত্র ইব্রাহিমের অনুপ্রেরণায় আবার লেখাপড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। এ জন্য দিনমজুরিও করেছি।’দরিদ্রতা দমাতে পারেনি জাহাঙ্গীরকে: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটাপাড়া গ্রামের মো. শাহজাহান সদরের খাদ্যগুদামে বস্তা বোঝাইয়ের (দিনমজুর) কাজ করেন। তাঁকে সহযোগিতা করতে সকাল থেকে তাঁর সঙ্গে বস্তা বোঝাইয়ের কাজ করত ছেলে জাহাঙ্গীর হোসেন কবির (১৬)।আয় করে যা পেত জাহাঙ্গীর তা দিয়ে নিজে পড়ত এবং ছোট ভাইয়ের পড়ার খরচ চালাত। ওই জাহাঙ্গীর এবার উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ছেলের ফলাফলের কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন বাবা শাহজাহান। জাহাঙ্গীর বলে, অনেক কষ্ট করেছি। ভালো ফল করতে পেরে সব কষ্ট ভুলে গেছি। ভবিষ্যতে ব্যাংকার হতে চায় জাহাঙ্গীর। সাগরে মাছ ধরতে হবে আমানকে: আমান উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট গ্রামে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে ও সবার বড়। ছয় বছর ধরে বাবা আমির হোসেন জটিল রোগে ভুগছেন। তিনি কোনো কাজ করতে পারেন না। অর্থাভাবে তাঁর চিকিৎসা বন্ধ। ছোট ভাই এবাদ উল্লাহ সাগরে মাছ ধরে কোনোমতে সংসার চালাচ্ছে। এ জন্য খেয়ে না খেয়ে আমান পড়েছে। প্রয়োজনীয় বইখাতাও কিনতে পারেনি। তবে উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা ওকে খুব সহযোগিতা করেছেন। তাই তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে আমান বলে, ‘কলেজে ভর্তি হওয়ার টাকা নেই। হয়তোবা টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এখন ছোট ভাইয়ের সঙ্গে সাগরে গিয়ে মাছ ধরতে হবে।ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া আমান ভবিষ্যতে ব্যাংকার হতে চায়। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, আবু তাহের, ফেনী, মাহবুবুর রহমান, নোয়াখালী, রুহুল বয়ান, মহেশখালী ও রতন কান্তি দে, উখিয়া (কক্সবাজার)]