অনটনের জীবনেও অপ্রতিরোধ্য ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম দরিদ্র পরিবারের সন্তান ওরা। ওদের জীবন অভাব-অনটন ও দুঃখে ভরা। লেখাপড়ার জন্য ওরা পরিবার থেকেও কোনো খরচ পায়নি। উল্টো ওদের অনেককে দিনমজুরি করতে হয়েছে। উপার্জনের টাকা দিয়ে ওরা সংসার চালিয়েছে, আবার নিজে পড়েছে। তবু ওরা হাল ছাড়েনি। অদম্য মেধা ও কঠোর পরিশ্রম করে অনটনের জীবনে ওরা এনেছে সাফল্যের কিরণ। কেননা, ওরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করেছে মিলন: ‘কখনো চায়ের দোকানে, কখনো ফসলের মাঠে কৃষিশ্রমিকের কাজ করে লেখাপড়া চালিয়ে গেছি। যখন এসএসসির ফল প্রকাশিত হয় তখনো অন্যের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলাম। ওই সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছেলে পারভেজ এসে জানায়, “মিলন তুই জিপিএ-৫ পেয়েছিস।”’কথাগুলো বলছিল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের আবদুল করিমে ছেলে মিলন মিয়া। ও এবার উপজেলার আশিরপাড় উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।স্থানীয় লোকজন বলেন, মিলনের বাবা দিনমজুর। মা খোরশেদা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। চার ভাই দুই বোনের মধ্যে মিলন চতুর্থ। এর আগে ও ২০০৫ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় মিলন। তবে অর্থাভাবে স্বপ্নপূরণ করবে তা নিয়ে ও চিন্তিত। কৃষক বাবার স্বপ্ন পূরণ করতে চায় সাইফুল: অন্যের কৃষি জমিতে ‘কামলা’ না খাটলে অনাহারে থাকতে হয় আবদুল মতিনের পরিবারকে। কিন্তু বাবার চাওয়া ছেলে এক দিন উচ্চশিক্ষিত হলে মানুষে বলবে ‘কামলা’ মতিনের ছেলে বড় শিক্ষিত হয়েছে। বাবার এমন স্বপ্ন পূরণ করতেই দিনরাত কঠোর পরিশ্রম করেছে সাইফুল ইসলাম। ও এবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কেএন উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞানে থেকে জিপিএ-৫ পেয়েছে। এর আগে ও পঞ্চম ও অষ্টম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। সাইফুলদের বাড়ি উপজেলার শেখেরকান্দি গ্রামে।সাইফুল জানায়, ‘আব্বা মানুষের জমিতে কাজ করতে গেলে আমাকে যেতে বারণ করতেন। কিন্তু তাঁর এমন পরিশ্রম দেখে আমি বাধা অমান্য করেই কাজ করতে যাই, বলদ নিয়ে লাঙল হাতে জমিতে চাষ করতাম।’ চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করতে চায় সাইফুল।কাঞ্চনও বাবার সঙ্গে দিনমজুরি করত: যে দিন বিদ্যালয় বন্ধ থাকত, সেই দিন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত মো. কাঞ্চন মিয়া। আনন্দ করার জন্য নয়। পুরো দিন দিনমজুরি করতে পারবে এ জন্য। বাবা আজিজুল হকের সঙ্গে কাঞ্চনও দিনমজুরি করতে যেত। নিজের উপার্জনের টাকায় খাতা-কলম কিনত, পরিবারকে দিত। ওই কাঞ্চন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। কাঞ্চনের বাবা উপজেলার রাজীবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের আজিজুল হক গতর খেটে সংসারের খরচ চালান। কাঞ্চনের মা মুর্শিদা খাতুন বলেন, ‘আমার পুতটা অনেক সময় না খাইয়া ইস্কুলে যাইত। মাইনসের পুলাপাইনেরা মাছ-মাংস ও দুধ খায়। কিন্তুক আমার ছেড়াডারে এসবের কিছুই খাওয়াইতাম পারছি না।’ অনটন ঠেকাতে পারেনি হালিমাকে: পরিবারে নুন আনতে পানতা ফুরোয় অবস্থা। কিন্তু হালিমা আক্তারের স্বপ্ন চিকিৎসক হওয়ার। ও শুধু জানে লক্ষ্যে পৌঁছাতে হলে বেশি বেশি লেখাপড়া করতে হবে। এবারের এসএসসি পরীক্ষায় হালিমা মৌলভীবাজারের জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।হালিমাদের বাড়ি জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামে। হালিমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, তিন শতক জায়গায় টিন-বাঁশ দিয়ে তৈরি দুই কক্ষের একটি বসতঘরে ওরা থাকে। বাবা শরীফ আহমদ অন্যের জমি বর্গাখেত করেন। মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী বলেন, মনের জোর আর লেখাপড়ায় মনোযোগিতার কারণেই হালিমা ভালো ফলাফল করেছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, মুজিবুর রহমান, লাকসাম (কুমিল্লা), এম মনিরুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), সোহরাব পাশা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ), কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার)।