চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে নগরের কাপাসগোলা এলাকা থেকে অনুমোদনহীন দুটি ভবন অপসারণ করেছেন। দুটি ভবনই দোতলা। অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
অভিযানে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপসারণ কাজে সহায়তা করে নগর পুলিশ।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, ভবন দুটির একটি হিজড়া খালের জায়গা এবং অন্যটি সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে। ভবন নির্মাণে সিডিএর কোনো অনুমোদন নেওয়া হয়নি।
অভিযানের সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিডিএর প্রায় ২০ জন শ্রমিক হাতুড়ি ও শাবল দিয়ে ভবন দুটির বিভিন্ন অংশ অপসারণ করেন। একটি বুলডোজার দিয়ে ভবনের পিলারগুলো ভেঙে দেওয়া হয়।
তবে কায়সার আহমেদ নামের এক ভবন মালিক অভিযোগ করেছেন, ‘চার মাস আগে ভবনটি নির্মাণ করা হয়েছে। সেখানে দোকান দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তার আগেই সিডিএ তা ভেঙে দিয়েছে। এ জন্য কোনো নোটিশ দেয়নি।’
তবে এই অভিযোগ অস্বীকার করে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম বলেন, ‘অবৈধ ও অনুমোদনহীনভাবে নির্মিত ভবন অপসারণের জন্য মালিকপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তা সরিয়ে নেননি। এ জন্য অভিযান চালিয়ে তা ভেঙে দেওয়া হয়েছে।’