অননুমোদিত পোস্টার লাগালেই অপসারণ: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী যাতে কেউ না লাগাতে পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ভবিষ্যতে যদি কেউ অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী সাঁটায়, তাহলে দ্রুত তা অপসারণ করতে হবে। গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন পর্যবেক্ষণ দিয়ে রুল নিষ্পত্তি করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। দুই সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহজাহান। আইনজীবী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ঢাকার উভয় করপোরেশনে অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াল-লিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে হাইকোর্ট মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। অননুমোদিত এসব প্রচারণা সামগ্রী যদি কেউ লাগায়, তাহলে তা দ্রুত অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই সিটি করপোরেশের প্রতি ওই নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী যাতে কেউ না লাগাতে পারে, সে বিষয়ে নজরদারি করতে বলেছেন হাইকোর্ট। ভবিষ্যতে যদি কেউ অননুমোদিত এসব প্রচারণা সামগ্রী সাঁটায়, তাহলে তাৎক্ষণিক আইনানুগ ব৵বস্থা গ্রহণ করতে হবে।
চার বছর আগে ২০১২ সালের মেয়র নির্বাচনের আগে অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ওই রিটটি করে। শুনানি নিয়ে ওই বছরের ১৮ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। হাইকোর্ট বিভিন্ন ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াললিখনসহ প্রচারণা সামগ্রী অপসারণ করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে ১০ দিন সময় বেঁধে দিয়ে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন।
এরপর গত আগস্টে আবেদনকারী পক্ষ জানায়, দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ যথাযথভাবে অনুসরণ হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট হাইকোর্ট অপর এক আদেশে ঢাকা সিটি করপোরেশন অননুমোদিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণে কোনো পদক্ষেপ নিয়েছিল কি না, তা জানতে চান। সেই সঙ্গে দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিল কি না, তা-ও জানতে চেয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানিয়ে হলফনামা আকারে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় অপসারণ কার্যক্রম ও হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে দুই সিটি করপোরেশন হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। শুনানির পর গতকাল হাইকোর্ট রিট আবেদনটি নিষ্পত্তি করে দেন।