অননুমোদিত প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকায় পাঁচ শতাধিক অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব প্রতিষ্ঠান সরানোর বিষয়ে আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বৈঠকে সুনির্দিষ্ট ও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসের শুরুতে গুলশানে হলি আর্টিজান নামের রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আইনশৃঙ্খলা-বিষয়ক মন্ত্রিসভা কমিটি এসব এলাকার অননুমোদিত প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। সরকারের ১২টি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৈঠক শেষে তিনি বলেন, গুলশানের আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে ওঠা রেস্তোরাঁ, হাসপাতাল, বিভিন্ন রকম স্কুল-কলেজ তদারকির আওতায় আনা হবে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এ ধরনের স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদন ছাড়া যেগুলো হয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য রাজউকের জোন-৪ (গুলশান, বনানী, বারিধারা) এর পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয়। গত চার দিনে সাতটি গ্রুপে ভাগ হয়ে রাজউকের ১৬ জন সদস্য এ জরিপকাজে অংশ নেন এবং পাঁচ শতাধিক অননুমোদিত প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেন, যা আজকের বৈঠকে উত্থাপন করা হবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রাজউকের একজন কর্মকর্তা বলেন, এই পাঁচ শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে চার শর মতো প্লটে, যেগুলোর কোনো ধরনের বাণিজ্যিক অনুমোদন নেই। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ, বার, আবাসিক হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, গুলশান অ্যাভিনিউ (শুটিং ক্লাব থেকে ২ নম্বর গোলচত্বর) আর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর দুই পাশের প্লটগুলো ছাড়া ওই এলাকার অন্য কোনো সড়কের অন্য কোনো প্লটের বাণিজ্যিক ব্যবহারের সুযোগ নেই। এমনকি হলি আর্টিজান বেকারিও গড়ে উঠেছে আবাসিক প্লটে।

গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক কর্মকর্তারা বলছেন, অননুমোদিত এসব প্রতিষ্ঠানের মধ্যে হোটেল-রেস্তোরাঁ আগে উচ্ছেদ করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া হতে পারে।

জানতে চাইলে গতকাল রাতে পূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, ‘কালকের (আজ) বৈঠকের পর এ বিষয়ে মন্ত্রী মহোদয় ব্রিফ করবেন।’

এর আগে চলতি বছরের ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকাসহ বিভিন্ন শহরের আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়।

রাজউকের কর্মকর্তারা বলছেন, রাজধানীর প্রতিটি আবাসিক এলাকায় আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার বন্ধের পরিকল্পনা রাজউকের রয়েছে। তবে এখন বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশানের বিষয়টি অগ্রাধিকার পাবে। এ জন্য যত দ্রুত সম্ভব, অভিযান শুরু করার কথা ভাবা হচ্ছে।