অননুমোদিত স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় গড়ে ওঠা রেস্তোরাঁ ও গেস্টহাউসের বিদ্যুৎ​ ও গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত l প্রথম আলো
উত্তরা ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় গড়ে ওঠা রেস্তোরাঁ ও গেস্টহাউসের বিদ্যুৎ​ ও গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত l প্রথম আলো

রাজধানীর আবাসিক এলাকাগুলোতে গড়ে ওঠা অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গতকাল সোমবার উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে এই অভিযান শুরু হয়। প্রথম দিনে এলাকার শাহজালাল অ্যাভিনিউয়ে চারটি ভবনে থাকা নয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভবনগুলোর গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান শুরু হয় অ্যাভিনিউয়ের প্লাটিনাম রেসিডেন্স নামের একটি বহুতল আবাসিক হোটেল দিয়ে। আবাসন নির্মাতাপ্রতিষ্ঠান শেলটেকের ১০ তলা এই ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন ছিল না। যে কারণে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে হোটেলে অবস্থানরত ২৩ জন অতিথিকে বিকেলের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন অভিযান পরিচালনার দায়িত্বে থাকা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। ভবনটির দ্বিতীয় তলায় রেস্তোরাঁ ও তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত ৩১টি কক্ষ আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। নিচতলার গাড়ি রাখার জায়গায় তৈরি করা হয়েছিল অভ্যর্থনাকক্ষ ও রান্নাঘর।
তবে হোটেলটির ব্যবস্থাপনা কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘আমাদের কোনো রকম সময় দেওয়া হয়নি। এই মুহূর্তে হোটেলটিতে ২০ জন বিদেশি অতিথি আছেন। এই ঘটনায় আমরা ইমেজ-সংকটে পড়ব। তারা (রাজউক) যদি আমাদের সপ্তাহ খানেক সময় দিত, তাহলে খুব ভালো হতো।’
এদিকে প্লাটিনাম রেসিডেন্সে অভিযানের বিষয়টি টের পেয়ে পাশের একটি ভবনে গড়ে ওঠা বাকারু নামের একটি রেস্তোরাঁসহ পার্টি সেন্টার ও অ্যাডভান্স হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটকে তালা দিয়ে পালিয়ে যান। আধঘণ্টা আগেই যে রেস্তোরাঁয় অভিযানের সঙ্গে যুক্ত রাজউকের কয়েকজন শ্রমিক চা খেয়েছিলেন, তাঁরা সেখানে গিয়ে দেখেন দেয়ালে সাদা কাগজে হাতে লেখা নোটিশ—‘রেস্টুরেন্ট স্থায়ী বন্ধ’। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তালা ভেঙে ভেতরে ঢুকে রাজউকের কর্মীরা ভবনটির গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এই ধারাবাহিকতায় একই সড়কে আরও দুটি আবাসিক ভবনে থাকা এভারেস্ট রেস্তোরাঁ, অপি’স ডেন্টাল ক্লিনিক, স্পাইসি বাইটস নামের একটি ফাস্ট ফুডের দোকান, কুমিল্লা রসমালাই সুইটস অ্যান্ড বেকারি, মেগা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নান্না বিরিয়ানি ও লৌহজং টায়ার অ্যান্ড ব্যাটারি নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
যথারীতি এই প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মীদের অভিযোগ উচ্ছেদের আগে যথেষ্ট সময় না দেওয়া নিয়ে। তবে এ বিষয়ে খন্দকার জাকির হোসেনের ভাষ্য, এটা একটা কমন অভিযোগ। অননুমোদিত এসব প্রতিষ্ঠান উচ্ছেদের বিষয়ে আগে থেকেই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রাজউকের জোন-২-এর অথরাইজড কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হালনাগাদ তালিকা অনুসারে উত্তরা এলাকায় অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা চার শতাধিক। এসব স্থাপনা উচ্ছেদে মোট ২১ কর্মদিবস অভিযান চালানো হবে।
এদিকে পুলিশ না পাওয়ায় গতকালও গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাজউকের সংশ্লিষ্ট এলাকার অথরাইজড কর্মকর্তারা। তবে গুলশানে আজ থেকে অভিযান শুরু হওয়ার জোর সম্ভাবনা আছে বলে জানান জোন-৪-এর অথরাইজড কর্মকর্তা মো. আদিলুজ্জামান।