অননুমোদিত আবাসনের কার্যক্রম বন্ধের নির্দেশ
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অননুমোদিত বিভিন্ন আবাসন কোম্পানিকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। ১২ জানুয়ারি জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।ওই চিঠিতে কুয়াকাটার আবাসন কোম্পানিগুলোকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনাপত্তি সনদ গ্রহণ করতে বলা হয়েছে। এ জন্য সরকার অনুমোদিত কোম্পানির নিজস্ব মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত জমির এসএ খতিয়ান, জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র, কোনো দেওয়ানি মামলা অথবা নিষেধাজ্ঞা থাকলে তার বিবরণ, জমির হাল সনের দাখিলার কপি, প্লট বিক্রয়ের ক্ষেত্রে নকশা এবং প্রকল্পভুক্ত জমির মধ্যে খাসজমি নেই—এ সম্পর্কে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ও তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার কুয়াকাটার ১৩টি আবাসন কোম্পানিকে এই চিঠি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। আবাসন কোম্পানিগুলো হচ্ছে—বসুধা আইল্যান্ড, গ্রিন ডেল্টা হাউজিং ও ডেভেলপমেন্ট, ক্যাসিংন্ডা প্রপার্টিজ, ন্যাসি হাউজিং ডেভেলপমেন্ট লিমিটেড, ওয়েন্টা রিয়েল এস্টেট, কোয়ালিটি রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরি রিয়েলিটি লিমিটেড, নবোদয় হাউজিং, ওশান সিটি লিমিটেড, বন্ধু মহল ’৮১ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, কুয়াকাটা স্টেট লিমিটেড ও আইফিল হক ফাউন্ডেশন। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে তাদের অনাপত্তি সনদ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া অননুমোদিত অন্য আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘জেলা পর্যায়ে রিয়েল এস্টেট কোম্পানির আবাসন-ব্যবসা পরিচালনার আগে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণের জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু এই অনাপত্তি সনদ গ্রহণ না করেই কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় বিভিন্ন আবাসন প্রকল্পের কার্যক্রম চলছে। এ কারণেই অনাপত্তি সনদপত্র গ্রহণ না করা পর্যন্ত আবাসন কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।’ গত ১৫ জুলাই প্রথম আলোয় ‘কুয়াকাটায় সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ’ শিরোনামে একটি এবং ২৫ জুন ‘কুয়াকাটার খাস জমি দখল করে আবাসন ব্যবসা’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়।