অননুমোদিত এনার্জি ড্রিংকস কারখানার সন্ধান, আটক ২
বগুড়ার গাবতলী উপজেলায় অননুমোদিত এনার্জি ড্রিংকসের কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে আট হাজার বোতল এনার্জি ড্রিংকস ও সরঞ্জাম জব্দ এবং কারখানার মালিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।গত সোমবার রাতে মহিষাবান ইউনিয়নের মড়িয়া গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ওই কারখানার সন্ধান পায়। কারখানার মালিক আফছার উদ্দিন মহিষাবান ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বলে জানা গেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার রাত ১০টা থেকে গতকাল সকাল সাড়ে ছয়টা পর্যন্ত র্যাব রুচিতা ফুডস অ্যান্ড হারবাল বাংলাদেশ লিমিটেড নামের ওই কারখানায় অভিযান চালায়। সেখান থেকে আট হাজার ৪০ বোতল রুচিতা ফিলিংস নামের অননুমোদিত এনার্জি ড্রিংকস, ৩০ কেজি স্যাকারিন, দুটি হিটগান মেশিন এবং কারখানার মালিক আফছার উদ্দিনের ভিন্ন ভিন্ন তথ্যের দুটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। একই সঙ্গে কারখানার মালিক আফছার ও মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়।