অননুমোদিত ওষুধ উৎপাদন করায় মালিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে বেঙ্গল টেকনোফার্মা লিমিটেডের মালিক মোহাম্মদ আলী খানকে (৫৩) গতকাল মঙ্গলবার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই ওষুধের কারখানাও সিলগালা করে দেওয়া হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ১৪ মার্চ ঔষধ প্রশাসন অধিদপ্তর বেঙ্গল টেকনোফার্মা লিমিটেডের অনুমোদনপত্র বাতিল, ওষুধ উৎপাদন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করে। কারখানার মালিক এর বিরুদ্ধে রিট করেন। হাইকোর্ট প্রথমে ঔষধ প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ দিলেও পরে ওই স্থগিতাদেশ বাতিল করেন। র‌্যাব সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-২-এর একটি যৌথ দল পান্থপথে বেঙ্গল টেকনোফার্মা লিমিটেডে অভিযান চালায়। প্রতিষ্ঠানটির অনুমোদনপত্র বাতিল হওয়ার পরও অবৈধভাবে ওষুধ উৎপাদনের অভিযোগে মালিক মোহাম্মদ আলীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। উৎপাদিত অননুমোদিত এসব ওষুধ বাজারজাত করার অভিযোগে কারখানার কর্মী নুরুজ্জামান চৌধুরী (৩০), মোশাররফ হোসেন (৫৮) ও এ কে এম বোরহান উদ্দিনকে (৩২) এক লাখ টাকা করে জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। ২৫ লাখ টাকার ওষুধও জব্দ করা হয়। মোহাম্মদ আলীকে কারাগারে পাঠানো হয়েছে।