অননুমোদিত কিন্ডার গার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স
অননুমোদিত নার্সারি স্কুল, প্রিপারেটরি ও কিন্ডারগার্টেনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে সুপারিশ দিতে গতকাল মঙ্গলবার বিভাগ, জেলা ও উপজেলা—এই তিন পর্যায়ে টাস্কফোর্স কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ুন খালিদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই করে টাস্কফোর্স কমিটিগুলো এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। এই সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে কেউ আর অনুমোদনহীনভাবে চলতে পারবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, সারা দেশে কত কিন্ডারগার্টেন আছে তার হিসাব সরকারের কাছেও নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে ২০১১ সালে বিভিন্ন ধরনের শর্ত দিয়ে নিবন্ধন বিধিমালা জারি করে মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানতে পারে, এখনো অধিকাংশ প্রতিষ্ঠান নিবন্ধন না করেই কার্যক্রম চালাচ্ছে। পাঠ্যতালিকার বাইরের বইয়ের বোঝার কারণে কোমলমতি শিক্ষার্থীদের ওপরও মানসিক চাপ বাড়ছে। এমন অবস্থায় সরকার টাস্কফোর্স কমিটি গঠন করে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিভাগীয় বা মহানগর এলাকার টাস্কফোর্স কমিটির সভাপতি করা হয়েছে বিভাগীয় কমিশনারকে।