অননুমোদিত গরুর হাট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত স্থানে গরুর হাট বসাতে দেবে না পুলিশ। অনুমোদিত ইজারাদারেরাও ঈদের আগে চার দিন হাট বসাতে পারবেন। চামড়া পাচার রোধে ঈদের পরে সাত দিন চামড়ার ট্রাক ঢাকার বাইরে যেতে দেওয়া হবে না। ঈদ ও পূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ বলেন, এ বছর ঢাকা মহানগর পুলিশের আওতাধীন এলাকায় (দুই সিটি করপোরেশনের ভেতর, বাইরেসহ) ২৫টি গরুর হাট অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১১টি হাট রাস্তা দখল করে হতে পারে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। তবে পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করবে। অনুমোদিত স্থানের বাইরে কেউ অবৈধ গরুর হাট বসানোর চেষ্টা করলে সিটি করপোরেশনের লোকজন নিয়ে তাদের উচ্ছেদ করা হবে। পশুর হাটে জাল নোট প্রতিরোধ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী প্রতিরোধে পুলিশ তৎপর থাকবে বলে জানান কমিশনার।
কমিশনার বলেন, এ বছর একই সময়ে ঈদ ও দুর্গাপূজা হওয়ায় পুলিশের কাজও বেড়ে গেছে। ৪ অক্টোবর থেকে ঈদ-পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর রাজধানীতে ২০৬টি স্থানে পূজার মণ্ডপ হচ্ছে। প্রত্যেকটি মণ্ডপ পুলিশের নিরাপত্তা পরিকল্পনার মধ্যে রয়েছে। এ ছাড়া প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানান কমিশনার। সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন ও নির্ধারিত পথ অনুসরণ করার অনুরোধ জানান কমিশনার। সংবাদ সম্মেলনে রাজধানীতে সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আবদুল জলিল, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।