অননুমোদিত প্রকল্প যেভাবে চিনবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আবাসন কোম্পানির কাছ থেকে পাঁচ কাঠার একটি প্লট কিনেছিলেন আবদুল লতিফ। চার বছর পার হলেও তিনি প্লটটি বুঝে পাননি।
গত রোববার সকালে আবদুল লতিফ রাজউক ভবনের পঞ্চম তলায় অবস্থিত নগর পরিকল্পনা বিভাগে গিয়ে জানতে চান, ওই কোম্পানিটির অনুমোদন আছে কি না। রাজউকের দায়িত্বরত কর্মকর্তা তাঁকে বললেন, এই তথ্য প্লট কেনার আগে তাঁর নেওয়া উচিত ছিল।
আবদুল লতিফের হাতে থাকা কোম্পানিটির রঙিন ব্রুশিয়রের প্রলোভনটিও ছিল চমকপ্রদ: ‘সস্তায় রেডি প্লট। রাজউক অনুমোদিত। এখনই বাড়ি করার উপযোগী। এককালীন টাকায় কিনলে বড় ছাড়, কিস্তির সুবিধাও আছে।’
রাজউকের ওই কর্মকর্তা জানান, এভাবে অনেকেই প্রলোভনের শিকার হয়ে সব হারিয়ে অবশেষে তাঁদের কাছে এসে খবর জানতে চান, যখন করার কিছুই থাকে না।
এ রকম অনেক ক্রেতা বা গ্রাহক রয়েছেন, যাঁরা দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন, অথচ প্লটের নাগাল পাচ্ছেন না। কেউ কেউ প্লট পেলেও নিবন্ধন দেওয়া হয়নি। কারণ, প্রকল্পের নকশার অনুমোদন ছাড়া নিবন্ধন হয় না। ২০০৪ সালের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কোনো বেসরকারি প্লট প্রকল্প অনুমোদন করেনি।
হাইকোর্ট এসব অনুমোদনহীন প্রকল্পে মাটি-বালু ভরাট, প্লট বিক্রি বা প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ২০১০ সালে। কিন্তু প্রতিবছরই মেলায় এ ধরনের প্রকল্পের ভিড় জমে। এবারের মেলা নিয়ে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, অননুমোদিত প্রকল্প নিয়ে যেন কেউ মেলায় না আসেন, সে বিষয়ে আগেই সতর্ক করে দেওয়া হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, গত বছরের রিহ্যাব মেলায়ও এ ধরনের অননুমোদিত প্লট প্রকল্প থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু মেলায় গিয়ে অনেক কোম্পানির স্টলে এ ধরনের প্রকল্পের প্লট বিক্রি করতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
কী করলে ঠকতে হবে না: রাজউক ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সূত্রমতে, আবাসন কোম্পানিগুলোর প্রতারণা এড়াতে হলে ক্রেতা বা গ্রাহকদের প্লট কেনা বা বুকিং দেওয়ার আগেই দেখতে হবে, কোম্পানির কাছে বৈধ অনুমোদনপত্রের লে-আউট প্ল্যান বা নকশা আছে কি না। মেলার স্টলেই প্রকৃত নকশা রাখার নিয়ম আছে। এ ছাড়া প্লট কেনা বা বুকিং দেওয়ার আগে সতর্কতার সঙ্গে নিশ্চিত হতে হবে যে, প্রকল্পটি রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাব) এলাকায় বা বন্যাপ্রবণ অঞ্চলে পড়েছে কি না। আবার যে এলাকায় প্রকল্পটি অবস্থিত, সেখানে আদৌ তাদের জমি আছে কি না। প্রয়োজনে ক্রেতাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের কাছে খোঁজ নিতে হবে।
রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, রাজউকের ওয়েবসাইটে অনুমোদিত প্রকল্পগুলোর তালিকা দেওয়া আছে। সেটি দেখলেও ঠকতে হবে না।
রাজউক ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিজ নিজ এলাকায় প্রকল্প অনুমোদন করতে পারে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে কক্সবাজার ও কুয়াকাটায় আলাদা কর্তৃপক্ষ করা হয়েছে, যাদের কাছ থেকে প্রকল্পের অনুমোদন নেওয়া যায়।