অননুমোদিত প্রকল্পের প্রচার বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ‘ভিশন সরদার প্যালেস’-এর অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের নকশার অনুমোদন করেছিল দুই হাজার বর্গফুট। কিন্তু ক্রেতা-গ্রাহকদের জন্য প্রচারপত্রে (ব্রুশিয়র ও লিফলেট) আয়তন দেখানো হয় তিন হাজার বর্গফুট। অ্যাপার্টমেন্টটি ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের।
গতকাল রোববার সন্ধ্যায় রিহ্যাব মেলার চতুর্থ দিনে রাজউক অভিযান চালাতে গেলে এমন তিনটি অনিয়ম ধরা পড়ে। বাকি দুটি ইম্পিরিয়াল ও কনফোর্ড লিমিটেডের। ম্যাজিস্ট্রেট এসব প্রকল্পের ফ্ল্যাট বিক্রি ও প্রচার বন্ধ করার নির্দেশ দেন। এ ছাড়া আগে সতর্ক করে দেওয়া অননুমোদিত প্রকল্পের প্লট বিক্রি ও প্রচার বন্ধ হয়নি। আজ সোমবার মেলার শেষ দিন।
রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া বাড়তি অংশ দেখিয়ে অ্যাপার্টমেন্ট বিক্রির বিষয়ে ব্যাখ্যা চাইলে ভিশন ২১-এর স্টলের কর্মকর্তা বলেন, অনুমোদনের বাইরের বাকি অংশটি ‘কমন স্পেস’।
ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, সিঁড়ি, লিফট ইত্যাদি কমন বা খোলা স্থানের আয়তন ধরেই রাজউক নকশা অনুমোদন করে থাকে। একটি ফ্ল্যাটে খোলা স্থান থাকে ১৫০ থেকে ২০০ বর্গফুট। অথচ বাড়তি অংশ দেখিয়ে ক্রেতাদের ঠকানো হয়। তিনি বলেন, বিভিন্ন কোম্পানির অ্যাপার্টমেন্টে ‘রাজউক অনুমোদিত অংশ’ এবং খোলা স্থানকে আলাদা করে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে; যাতে ক্রেতারা বুঝতে পারেন।
গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজউকের অভিযান শুরু হয়। এর আগে মেলাস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন কোম্পানির স্টলে আগের দিনগুলোতে সতর্ক করে দেওয়া অননুমোদিত প্রকল্পের বিক্রি বা প্রচার বন্ধ হয়নি। যেমন—পূর্বাচল প্রবাসী পল্লীর স্টল থেকে অননুমোদিত প্রকল্পের বিক্রি বা প্রচার চলছিল। ভিশন ২১-এর পূর্বাচল সিটি প্রকল্পের প্রচার বন্ধ করতে বলা হয়েছিল গত শনিবার। কিন্তু গতকাল বিকেল চারটার দিকেও ক্রেতাদের কাছে এই প্রকল্পের প্লট কেনার আহ্বান জানানো হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বসুকুঞ্জ ল্যান্ড ডেভেলপার লিমিটেডের স্টলে কিছু চেয়ার ওল্টানো অবস্থায় দেখা যায়। তবে ক্রেতারা স্টলে উপস্থিত একজন কর্মীর কাছে প্লট বিক্রির বিষয় জানতে চাইলে তিনি তাঁদের হাতে ব্রুশিয়র তুলে দেন। সন্ধ্যা সাতটার দিকে রাজউকের কয়েকজন কর্মী ওই স্টল থেকে ব্যানার ও পোস্টার খুলে নেন। এর আগে গত শুক্র ও শনিবার বসুকুঞ্জকে সব ধরনের বিক্রি ও প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল রাজউক।
সন্ধ্যা সাতটার কিছু পরে রাজউকের অভিযানকারী দল ফেয়ার বিল্ডার্স লি. নামের একটি কোম্পানির স্টলে গিয়ে নকশাবহির্ভূত ফ্ল্যাট বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
অভিযান শেষে রাজউকের প্রতিনিধিরা রিহ্যাবের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। রাজউকের কর্মকর্তারা অনুমোদিত প্রকল্পের প্লট বিক্রি ও প্রচার বন্ধের বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য রিহ্যাবকে অনুরোধ জানান। এ সময় রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, যথাসাধ্য চেষ্টা হচ্ছে। অনেকটা বন্ধও হয়েছে। তার পরও দু-একটি প্রতিষ্ঠান অননুমোদিত প্লটের প্রচার করে থাকতে পারে।