অননুমোদিত ভবনে গ্যাস, পানি, বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকের অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মিত ভবনে গ্যাস, পানি, বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ রাখার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক থেকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের বিষয়টি নিয়মিত তদারকির সুপারিশ করা হয়। এ ছাড়া রাজউকের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের প্লট বরাদ্দ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন, রাজউকের নগর-পরিকল্পনা বিভাগ কর্তৃক বিল্ডিং কোড, বিল্ডিং প্ল্যান, বিল্ডিং প্ল্যান পাস প্রক্রিয়া ও যত্রতত্র অপরিকল্পিত অবৈধ ভবন নির্মাণ বন্ধে কার্যকর এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়। স্থায়ী কমিটি রাজউকের অবিক্রীত ফ্ল্যাট বিক্রির লক্ষ্যে বিশেষ প্রণোদনা দেওয়ার জন্য মোট মূল্যের এক-তৃতীয়াংশ এককালীন দিয়ে অবশিষ্ট মূল্য কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ দেওয়ার সুপারিশ করে। আর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজউকের আঞ্চলিক অফিস গাজীপুরে স্থাপনের সুপারিশ করে।
কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান, এ কে এম ফজলুল হক, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে সপ্তাহের সাত দিন বন্দরগুলো চালু রাখার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ ও রণজিৎ কুমার রায় উপস্থিত ছিলেন।