অনন্ত আর দুরন্তকে কে দেখবে?
অনন্ত ও দুরন্ত যমজ দুই বোন। অটিস্টিক এই দুই বোনের বয়স প্রায় ১৮ বছর। প্রায় সারাক্ষণই তারা হাত ধরে থাকে। আপন মনে হাসে, কাঁদে, খুনসুটি করে। সুন্দর ছবি আঁকে, গান গায়, নাচে। দুই বোনের ছবি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদকার্ড ছাপা হয়েছে। অনন্তের আঁকা ছবি দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের ক্যালেন্ডার ছাপা হয়েছে।
জীবন নিয়ে অনন্ত-দুরন্তের কোনো চিন্তা না থাকলেও মা নাসরিন আহমেদ মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছেন। এই মা জানেন না মেয়েদের শেষ গন্তব্য কোথায়।

রাইয়ান সাঈদ দুরন্ত আর ফারহানা সাঈদ অনন্তর বাবা সাঈদ নাসিম দুই বছর হলো মারা গেছেন। কোনো অসুখ-বিসুখ ছাড়াই হুট করে মারা যান তিনি। বাবা যত দিন বেঁচে ছিলেন, অনন্ত-দুরন্তের সব চাহিদাই পূরণ করতেন বাবা। বড় বাসা, জিনিসপত্রের কোনো কমতি ছিল না। মেয়েদের জেদ বা আবদার সবই মেটাতেন তিনি। মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে টাকা জমানোর কথা মাথায় আসেনি তাঁর।
নাসরিন আহমেদ বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর নিজের সংসারের বেশ কিছু জিনিস বিক্রি করে দিয়েছি। কিছু জিনিস আত্মীয়ের বাসায় রেখেছি। দুই মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছি রাজধানীর বকশীবাজারে বাবা-মায়ের কাছে। বাবা-মায়ের আর্থিক অবস্থা তেমন ভালো না। সেখানে বাড়িভাড়াসহ কিছু খরচ দিতে হয়। ভাই, বোন, স্বামীর বন্ধু, মেয়েদের স্কুল কর্তৃপক্ষসহ সবার সহায়তায় দুই মেয়েকে নিয়ে টিকে আছি। সঞ্চয়পত্র ছিল যা কিছু, তা দিয়ে কিছু খরচ মেটানো সম্ভব হচ্ছে। কিন্তু কত দিন টিকে থাকতে পারব? ওদের বাবার মতো আমারও কিছু হয়ে গেলে মেয়েদের কে দেখবে?’

অনন্ত ও দুরন্তর বয়স ১৮ বছরের কাছাকাছি হলেও ওরা পড়াশোনা করছে তৃতীয় শ্রেণিতে। তরী ফাউন্ডেশন অ্যান্ড স্কুল ফর গিফটেড চিলড্রেন কর্তৃপক্ষ দুই বোনের স্কুলের ১০ হাজার টাকা বেতন ফ্রি করে দিয়েছে। কিন্তু স্কুলে যাওয়ার জন্য যাতায়াত খরচ থাকে না বলে অনিয়মিত হয়ে গেছে স্কুলে যাওয়া। তারা ভালো ছবি আঁকতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে। কিন্তু সেভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না।

নাসরিন আহমেদ বলেন, ‘মেয়েরা বড় হচ্ছে। স্যানিটারি ন্যাপকিনসহ অন্যান্য অনেক কিছু দরকার। মেয়েরা সেভাবেই বড় হয়েছে। কিন্তু এখন যখন আমি তাদের তা দিতে পারছি না, তখন মন খারাপ করে। রাগারাগি করে। মেয়েরা সাজগোজ করতে পছন্দ করে। বিভিন্ন ব্র্যান্ডের জিনিস চায় তারা। যেখানে ভালো খাবারই দিতে পারি না, সেখানে অন্যান্য চাহিদা পূরণ করা কতটুকু কষ্টসাধ্য, তা শুধু আমি বুঝি। কিন্তু মেয়েদের জেদ কমানোর জন্য মাঝেমধ্যে তাদের আবদার পূরণ করতে হয়। তখন আবার তা নিয়ে অন্যদের কাছ থেকে কথা শুনতে হয়।’

ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নাসরিন আহমেদ। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। মেয়েদের পেটে নিয়ে ডিগ্রি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পাস করতে পারেননি। মেয়েদের জন্মের পর আর পড়াশোনা হয়নি। মেয়েদের কয়েক বছরের মধ্যে যখন অটিজম ধরা পড়ল, তখন তো জীবনটাই হয়ে গেল যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধ সামলাতে সামলাতে আর কোনো কাজে যোগ দিতে পারেননি। এখন মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে কোথাও যেতে পারেন না। তবে নাসরিন আহমেদ ছোটবেলা থেকেই আঁকাআঁকি করেন। অন্যকে মেকআপ করিয়ে দিতে পছন্দ করেন। এখন আঁকাআঁকির নেশা পূরণ করেন মেয়েদের শিখিয়ে।

নাসরিন আহমেদের চিন্তা তিনি মেয়েদের কত দিন নিরাপত্তা দিতে পারবেন তা নিয়ে। তিনি বলেন, ‘একসময় আর্থিক অবস্থা ভালো ছিল। আর্থিক অবস্থা খারাপ হয়েছে বলে রুচি তো পাল্টায়নি। আর চাইলেই কারও কাছে সাহায্য চাইতে পারি না। তারপরও বাধ্য হয়ে অন্যের কাছ থেকে জাকাতের টাকা পর্যন্ত গ্রহণ করি। কিন্তু কেউ যখন অসম্মান করে, তখন তা মানতে পারি না। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আমার আর গতি নেই। দুই মেয়ে যত দিন বেঁচে আছে, তত দিন তো তাদের মুখে খাবার তুলে দিতে হবে। ওদের প্রশিক্ষণ দিতে পারলে ওরা বোঝা হয়ে থাকবে না।’