
বিজ্ঞান লেখক, ব্লগার ও ব্যাংকার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতারা। গত শনিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজারে কবি নজরুল একাডেমি মিলনায়তনে এক সমাবেশে বক্তারা অনন্ত হত্যাকাণ্ডের তদন্ত যেন কোনো জজ মিয়া নাটক না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান।
গত ১২ মে অনন্ত বিজয় দাশ (৩২) খুন হন। কর্মস্থলে যাওয়ার পথে সকাল নয়টার দিকে দুর্বৃত্তরা তাঁকে সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে ১৩ দিন পরও পুলিশ খুনি শনাক্ত করতে না পারায় ২৫ মে তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। ৩১ মে সিআইডি জাতীয় দৈনিক সংবাদ ও সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে আটক করে মামলার ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে সাত দিনের রিমান্ডে নেয়।
হত্যাকাণ্ডের পরপরই টানা কর্মসূচি দিয়ে আন্দোলনে সক্রিয় হয় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে খুনি শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বিকেলে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল নগরের কোর্ট পয়েন্টে। বৈরী আবহাওয়ার কারণে রাতে কবি নজরুল একাডেমি মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
জেলা বাসদের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরশ আলী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর গণফোরাম সভাপতি আনসার খান, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, ন্যাপ মহানগর সভাপতি ইছহাক আলী, কমিউনিস্ট পার্টির জেলা সদস্য বাদল কর, জাসদের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া দিয়ে বলা হয়, সামনে রোজার মাস। মাসব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখা হবে। এর মধ্যে খুনি ধরা না পড়লে অবরোধ, অবস্থান ধর্মঘটসহ আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।