অনন্ত হত্যার ৫ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিজ্ঞান লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় পাঁচ আসামিকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সিলেটের মহানগর হাকিম (এমএম-২) আদালতের বিচারক আনোয়ারুল হক আজ বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী তাঁদের ১৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আসামিরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল্লাহ ও সাদেক আলীম ওরফে মিঠু। এ পাঁচজনকে গত ৮ সেপ্টেম্বর অনন্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। তাঁরা ব্লগার অভিজিৎ​ হত্যা মামলারও আসামি।

আদালতে কর্তব্যরত বিমানবন্দর থানার জিআরও বিজয় দাস জানান, এ আসামিদের মধ্যে ঢাকায় অন্য এক মামলায় রিমান্ডে থাকায় সাদেক আলীম ছাড়া বাকি চারজনকে আদালতে হাজির করা হয়।

কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে ১২ মে সকালে অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অনন্ত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। তাঁকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীরা পরিকল্পিতভাবে খুন করেছে--এমন অভিযোগ এনে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন।

সিআইডি সূত্র জানায়, এ নিয়ে অনন্ত হত্যা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল নয়জনে। গত ২৫ মে সিলেটের বিমানবন্দর থানা-পুলিশ থেকে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তর করা হয়। ৭ জুন দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট এর ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে ‘সন্দিগ্ধ’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাবন্দী।

এ ছাড়া ঘটনার প্রায় সাড়ে তিন মাসের মাথায় গত ২৮ আগস্ট ভোরে কানাইঘাট উপজেলা পূর্বপালজুর গ্রাম থেকে মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী (২৪) ও মোহাইমিন নোমান ওরফে এ এ নোমান (২২) নামে দুই ভাইকে গ্রেপ্তার করে সিআইডি। মান্নান রাহী ২ সেপ্টেম্বর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। ওই দিনই কানাইঘাটের পালজুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের ওরফে রশীদ আহমদ (২৪) নামে আরও এক তরুণকে সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পেশায় ব্যাংকার অনন্ত বিজয় দাশ বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তাঁর লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। বিজ্ঞানবিষয়ক ছোটকাগজ যুক্তি নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন অনন্ত।