অনন্তকে ভিসা না দেওয়ার কথা স্বীকার করেছে সুইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশের সাম্প্রতিক ভিসার আবেদন প্রত্যাখ্যান করার কথা স্বীকার করেছে সুইডেন। ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যার পর সুইডেন সরকার গতকাল বুধবার একটি বিবৃতি জারি করে বলেছে, তারা অনন্ত বিজয় দাশের ভিসার
আবেদন প্রত্যাখ্যান করেছিল। তবে অনন্ত নিরাপত্তার কারণে সুইডেনে আশ্রয় চেয়ে কোনো আবেদন জানাননি। খবর বিবিসি বাংলার।
অনন্ত বিজয় দাশের হত্যার ঘটনাটিকে খুবই মর্মান্তিক বলে বর্ণনা করে সুইডিশ সরকার বিবৃতিতে জানায়, অনন্ত বিজয় দাশ আশ্রয়ের আবেদন জানালে তারা তা মূল্যায়ন করত।
সুইডেনে লেখকদের সংগঠন ‘পেন’ গত মঙ্গলবার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের পর জানায়, স্টকহোম যাওয়ার জন্য অনন্তর ভিসার আবেদন সুইডেন সরকার প্রত্যাখ্যান না করলে তিনি ওই দিন বাংলাদেশের বদলে সুইডেনে থাকতেন।
সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় গত মঙ্গলবার ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। পেন ওই
দিনই সুইডিশ সরকারের ভিসা প্রত্যাখ্যানের বিষয়টির কড়া সমালোচনা করে। এরপর গতকাল দেশটির সরকার এই বিবৃতি দিল।