অনন্তের জন্য চার দিন ধরে নদীর পাড়ে মা
যমুনেশ্বরী নদীর পানে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন মা। সারাক্ষণ স্বপ্ন দেখেন বুকের ধন ফিরে পাওয়ার। স্বজনেরা নদীর ধারে ব্যস্ত পূজা-অর্চনায়। কিন্তু চার দিনেও সন্তানকে ফিরিয়ে দেয়নি নিষ্ঠুর যমুনেশ্বরী।
গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহর রক্ষা বাঁধের কাছে যমুনেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় অনন্ত কুমার কুণ্ডু (১২)। সে রংপুরের বদরগঞ্জের স্টেশনপাড়ার উত্তম কুমার কুণ্ডুর ছেলে। বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত অনন্ত। ঘটনার পর বদরগঞ্জ ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনন্তের সন্ধানে নদীতে দুদিন উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। এদিকে অনন্তকে ফিরে পাওয়ার আশায় মা-বাবাসহ স্বজনেরা নদীর ধারেই সারাক্ষণ অপেক্ষার প্রহর গুনছেন। গতকাল সোমবার দুপুরে শহর রক্ষা বাঁধের কাছে নদীর পাড়ে গিয়ে দেখা যায় লোকজনের ভিড়। নদীর পাড়ে চলছে পূজা-অর্চনা। খানিক দূরে অনন্তের মা স্বপ্না কুমার কুণ্ডু মাথায় হাত দিয়ে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নদীর দিকে।
এ সময় তাঁর স্বজনেরা জানান, নদীর ধার থেকেও তাঁকে সরানো যাচ্ছে না। নিখোঁজ ছেলের শার্ট ও জুতা বুকে চেপে নদীর ধারে সারাক্ষণ বসে আছেন।