অনন্য তানজিলা

টেবিলের ওপর চাদর বিছানো। দুই পাশে বালিশ। তার ওপর প্লাস্টার করা দুই পা রেখে বসানো হলো তাকে। হেলান দেওয়ার জন্য পেছনে রাখা হলো
আরও কয়েকটি বালিশ। পেছনে বসে বালিশগুলো ধরে রেখেছেন আরেকজন। এবার ঊরুর ওপর বোর্ড, বোর্ডের ওপর খাতা রেখে মনোযোগ দিয়ে লিখে যাচ্ছে সে।
সে মানে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তানজিলা তামান্না (১৭)। সড়ক দুর্ঘটনায় দুই পা ভেঙে গেছে তার। তাই গতকাল রোববার মিরপুর কলেজে এভাবেই পরীক্ষা দিতে হলো তাকে। সব বারণ, সব উদ্বেগ-উৎকণ্ঠা জয় করে এগিয়ে যাওয়ার এ এক অনন্য চেষ্টা তানজিলার।
মা হেলেনা পারভীনের স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন মেয়েকে। এ স্বপ্নেই গাঁথা তানজিলার মনোবল। কিন্তু তানজিলা জানে না, তাঁকে নিয়ে স্বপ্ন দেখা মানুষটি আর নেই। যে ঘটনায় ভেঙে গেছে তার পা, একই ঘটনায় না-ফেরার দেশে চলে গেছেন তার মা হেলেনা পারভীন।
গত ৭ মে দুপুরে পরীক্ষা শেষে মায়ের সঙ্গে রিকশাযোগে মিরপুর সেনপাড়ার বাসায় ফিরছিল তানজিলা। পথে একটি বেপরোয়া বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দেওয়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। এত দিন শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন সে। হাসপাতালেই বাকি পরীক্ষা দেওয়ার জন্য ছিল তার তীব্র আগ্রহ। হাসপাতালে তাকে দেখতে যান ঢাকা বোর্ডের কর্মকর্তারা। অবস্থা দেখে তাঁরা তাকে পরের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। তাকে বলা হলো, হাসপাতালে পরীক্ষা দেওয়ার নিয়ম নেই। তবু অনড় তানজিলা। বলল, দরকার হলে কলেজে গিয়েই পরীক্ষা দেব।
তানজিলার বাবা তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, তাঁদের বাসা চারতলায়, ওঠানামায় সমস্যা হতে পারে। হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে মিরপুর ১০ নম্বরে তার এক বান্ধবীর নিচতলার বাসায় থাকার ব্যবস্থা করা হয়। সেখানেই এত দিন সে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিয়েছে।
তোফাজ্জল বলেন, ‘তার মা তার লেখাপড়ার ব্যাপারে সব সময় ব্যতিব্যস্ত থাকতেন, তাকে উচ্চশিক্ষিত করার অনেক স্বপ্ন ছিল তাঁর। এ কয়দিন সে তার মাকে খুঁজেছে। তাকে বলা হয়েছে, তার মা হাসপাতালে, চিকিৎসক কথা বলতে নিষেধ করেছেন।’
গতকাল ওই কলেজে গিয়ে দেখা যায়, একটি কক্ষে টেবিলের ওপর বসে মনোযোগ দিয়ে কম্পিউটার দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছে তানজিলা। পেছনে বালিশ ধরে রেখেছেন তার বান্ধবীর মা সালমা বেগম। অন্য কক্ষে স্বজনদের নিয়ে অপেক্ষা করছেন বাবা। কলেজের অনেক শিক্ষক এসে তাঁকে দেখে যাচ্ছেন আর সাহস দিচ্ছেন। তারই কলেজের অধ্যক্ষ মুশতারি আহমেদ বলেন, ‘ওর এত মনোবল ও সাহস সত্যিই অসাধারণ।’
মিরপুর কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ বলেন, ‘তার এ প্রখর মনোবল অনেকের জন্য শিক্ষা হয়ে থাকবে।’
পরীক্ষা শেষে তানজিলা বলে, ‘একটু কষ্ট হলেও পরীক্ষা বেশ ভালোই হয়েছে। বাকি চারটি পরীক্ষাও এভাবে ভালোভাবেই শেষ করতে চাই।’