অনন্য দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টুর মা রোকেয়া বেগম (৬৯) গতকাল বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সব প্রচার কার্যক্রম গতকাল স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রচার কার্যক্রম স্থগিত রাখার কথা জানতে পেরে পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর পাঁচ প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী ৫৬ জন কাউন্সিলর এবং ১৫ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সবাই গতকাল তাঁদের প্রচার-প্রচারণা বন্ধ রাখেন।
গতকাল বিকেল সাড়ে চারটায় লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে রোকেয়া বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, সাবেক চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রিয়াজুল ইসলাম, বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিম, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান প্রমুখ।
রোকেয়া বেগম লালমনিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত মকবুল হোসেনের সহধর্মিণী ছিলেন। লালমনিরহাট শহরের নামাটারীর পারিবারিক কবরস্থানে বিকেলে তাঁকে দাফন করা হয়।
বিএনপির মেয়র প্রার্থী আবদুল হালিম ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান বলেন, লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী রিয়াজুল ইসলামের মা রোকেয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ ও সম্মান জানাতেই গতকাল তাঁরা পূর্বনির্ধারিত মাইকিং এবং গণসংযোগ কার্যক্রম বন্ধ রাখেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিংসহ অন্যান্য প্রচারকাজ চালানোর সুযোগ রয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘আমার মায়ের মৃত্যুতে নির্বাচনে প্রতিদ্বিন্দ্বতাকারী সবাই যেভাবে সহমর্মিতা জানিয়েছেন এবং নিজেদের প্রচার-প্রচারণা স্থগিত রেখেছেন, তাতে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।’
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের এন্তাজুর রহমান বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা যেভাবে সম্মান ও সহমর্মীতা জানিয়ে প্রচার কাজ বন্ধ রাখলেন তা অনন্য। এই দৃষ্টান্ত যদি তাঁরা পরেও বজায় রাখেন তাহলে অশান্তির কোনো সম্ভাবনা নেই বলেই মত প্রকাশ করেন তিনি।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, একজন মায়ের মৃত্যুতে তাঁর সন্তানতুল্য প্রতিদ্বন্দ্বী ছয় মেয়র প্রার্থীসহ অন্যান্য সব পদের প্রার্থীরা গতকাল নির্বাচনী প্রচারকাজ বন্ধ রাখেন। এই শোক প্রকাশ ও সম্মান জানানোর মধ্য দিয়ে সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই প্রতিদ্বন্দ্বীরা।