অনন্য সততা দেখালেন হিরণ আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজের খণ্ডকালীন নারী কর্মচারী (আয়া) হিরণ আক্তার সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ রোববার কলেজের এক শিক্ষকের আড়াই লাখ টাকা পেয়ে তিনি ফেরত দেন। হিরণের সততায় মুগ্ধ ওই শিক্ষকসহ পুরো কলেজ পরিবার।

টাকার মালিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ১০টায় ব্যাংকে রাখার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাসা থেকে কলেজে আসি। বেলা দেড়টার দিকে ওই টাকা ব্যাংকে পাঠাতে গিয়ে টাকা না পেয়ে চিন্তায় পড়ে যাই। এর কিছুক্ষণ পর কলেজের খণ্ডকালীন কর্মচারী হিরণ আমাকে ফোন করে বলেন, “স্যার, শিক্ষক পরিষদ মিলনায়তনে অনেকগুলো টাকা পাওয়া গেছে।” সেখানে গিয়ে দেখি এগুলো আমার টাকা। অভাব-অনটনে থাকা একজন কর্মচারীর সততা আমাকে যারপরনাই মুগ্ধ করেছে।’

হিরণ জানান, আজ বেলা একটায় কুমিল্লা সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনের টেবিলের ওপর তিনি একটি শপিং ব্যাগ দেখতে পান। এরপর ব্যাগ খুলে অনেক টাকা দেখতে পেয়ে বিষয়টি সহকর্মী আলী আশরাফকে জানান। আধা ঘণ্টা ধরে টাকার মালিককে খোঁজ করেন তাঁরা। পরে ওই টাকা শহিদুল ইসলামের জানতে পেরে তাঁকে ফেরত দেন। হিরণ বলেন, ‘স্যারের টাকা ফেরত দিতে পেরে গর্ববোধ করছি।’

এ খবর পুরো কলেজে ছড়িয়ে পড়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা হিরণকে অভিনন্দন জানিয়েছেন। ১৯৯৯ সাল থেকে হিরণ এ কলেজে খণ্ডকালীন চাকরি করছেন। কলেজ থেকে মাসিক চার হাজার টাকা বেতন পান তিনি।