অনন্য স্থাপত্যশৈলীর বায়তুর রউফ মসজিদ দেখে মুগ্ধ অতিথিরা
ঢাকা থেকে টঙ্গী যাওয়ার আগে পূর্ব দিকে চলে গেছে রাস্তাটি দক্ষিণখান থানার ফায়েদাবাদে। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে হেঁটে রেললাইন পেরিয়ে একটু এগিয়ে বাঁ দিকে মিলল স্থাপনাটি। দৃষ্টিনন্দন একটি মসজিদ, নাম বায়তুর রউফ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অনন্য স্থাপত্যশৈলীর বায়তুর রউফ মসজিদ দেখতে যান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট, ফরাসি রাষ্ট্রদূত সোফি আবের, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগা এবং মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহ্তাইব। মসজিদের পাশে স্থানীয় মাদ্রাসার খুদে শিক্ষার্থীরা স্বাগত জানায় তাঁদের।
মসজিদ ঘুরতে ঘুরতেই মার্শা ব্লুম বার্নিকাট বলেন, এটি সত্যি দারুণ একটি স্থাপত্য। এমন সুন্দর স্থাপত্য খুব একটা দেখা যায় না। সংস্কৃতিমন্ত্রী জানালেন নিজের মুগ্ধতার কথা। বললেন, ‘দারুণ লাগছে এখানে এসে। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্দোলন করছে, তখন পরিবেশবান্ধব এমন স্থাপত্য সত্যিই প্রশংসনীয়।’
স্থাপনাটির স্থপতি মেরিনা তাবাসসুম। বায়তুর রউফ মসজিদের নকশার জন্য তিনি এ বছর অর্জন করেছেন বিশ্বব্যাপী স্থাপত্যকলার জন্য অন্যতম আগা খান স্থাপত্য পুরস্কার। তিনি বলেন, মসজিদটির নকশা করা হয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রাকৃতিক আলো-বাতাসের দিকটি মাথায় রেখে নকশা করা হয়। ইতিহাস, সংস্কৃতিকেও মাথায় রাখা হয়েছে।