অনন্যা গোলাপ বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের সমিতিতে গোলাপ বানুর কর্মকাণ্ড। ছবি: মনিরুল আলম
নিজের সমিতিতে গোলাপ বানুর কর্মকাণ্ড। ছবি: মনিরুল আলম

হিসাব-নিকাশ সেভাবে করতে পারতেন না। টাকার অঙ্কে লেখা থাকলে

বারিধারা মহিলা সমবায় সমিতির প্রধান গোলাপ বানু। ছবি: মনিরুল আলম
বারিধারা মহিলা সমবায় সমিতির প্রধান গোলাপ বানু। ছবি: মনিরুল আলম

কোনটা লাখ আর কোনটা কোটি—তাও বুঝতে পারতেন না। সেই তিনিই টাকা নিয়ে নাড়াচাড়া করতে করতে এখন লেখা দেখেই বুঝতে পারেন সবই। এখন তাঁর সই ছাড়া কোটি টাকার লেনদেনই হয় না।
শুধু তা-ই নয়, একসময় অর্থাভাবে ছেলেমেয়েদের মুখে তিনবেলা ঠিকমতো খাবার তুলে দিতে পারতেন না। তাদের লেখাপড়াও করাতে পারেননি। আর এখন তাঁর সমিতি থেকেই ৪২ হাজারের বেশি নারী ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। অনেকে বাড়ি-গাড়িও করেছেন।
এতক্ষণ যাঁর কথা বলছিলাম তিনি হলেন গোলাপ বানু। জীবনের সংগ্রামে জয়ী এই গোলাপ বানু এবার বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন। তিনি বারিধারা মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী। এখনো ওই দায়িত্ব পালন করছেন। নারীদের স্বাবলম্বী করে তোলার জন্যই পাচ্ছেন এ পদক। আগামী ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তাঁর পুরস্কার নেওয়ার কথা। স্বর্ণপদকের পাশাপাশি পাবেন এক লাখ টাকা।
বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা দেখেই গোলাপ বানু সম্পর্কে জানার ইচ্ছা হয়। এই নারীর নাম আগে কখনোই সেভাবে শোনা যায়নি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে খোঁজ মেলে গোলাপ বানুর। তবে তাঁর নিজস্ব মুঠোফোন নেই। সমিতির ব্যবস্থাপক নিত্য অধিকারীর মুঠোফোনে যোগাযোগই ভরসা।

২০ নভেম্বর। রাজধানীর ভাটারা, নূরের চালা এলাকায় সমিতিটি খুঁজে পেতে খুব সমস্যা হলো না। চার কাঠা জমিতে সমিতির নিজস্ব ছয়তলা ভবন। এলাকায় ভালোই পরিচিত এটি।

তবে সমিতির ভেতরে ঢুকে গোলাপ বানুকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো। ভবনের বিভিন্ন তলায় নারীরা বিভিন্ন কাজে ব্যস্ত। অনেকের হাতে ঋণের বই। বাচ্চা কোলে নিয়েই সমিতিতে এসেছেন অনেকে। একজন বললেন, গোলাপ বানু পাঁচ তলায় আছেন। পাঁচ তলায় গিয়ে গোলাপ বানুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদার মধ্যে ছাপা সুতির শাড়ি পরে এক নারী অন্যদের সঙ্গে কথা বলছিলেন। এর বাইরে হাতে প্রায় রং ওঠা চুড়ি আর কানে ছোট দুল। পরে অন্যজনের কাছ থেকে জানা গেল ইনিই গোলাপ বানু। সেখানে বসেই তাঁর সঙ্গে কথা হলো। পুরো অফিসে গোলাপ বানুর নিজস্ব কোনো কক্ষ নেই।

রোকেয়া পদকের এক লাখ টাকা প্রসঙ্গে গোলাপ বানু বললেন, ‘টাকার চাইতেও সম্মানটারে বেশি গুরুত্ব দিই।’ তবে নিজেই বলেন, ‘এক লাখ টাকা আমার কাছে অনেক টাকা। টাকা না থাকার যে কী কষ্ট তা আমি জানি। ছনের কুঁড়েঘরে বৃষ্টি হইলেই পানি পড়ত। মুরগি যেমন তার পালকের নিচে ছানা আগলে রাখে, আমিও ওপরে পলিথিন দিয়া ছোট ছোট চার ছেলেমেয়েরে আগলে রাখতাম, যাতে ভিইজ্যা না যায়।’

সদস্য হিসেবে গোলাপ বানু ১৯৯০ সাল থেকে সমিতিতে সঞ্চয় জমা রেখেছেন। ২৫ বছরে সমিতিতে এখন তাঁর শেয়ার মূলধন দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯৬ টাকা। সমিতি থেকে ঋণ নিয়ে বাবার দেওয়া এক কাঠা জমিতে তিন তলার একটি বাড়ি করেছেন। তাঁর ভাষায়, মাথা গোঁজার একটি ঠাঁই হয়েছে।

 গোলাপ বানু বললেন, ‘বয়স্ক শিক্ষা থেকে যা শিখছি, তা দিয়া নিজের নাম-ঠিকানা লিখতে পারি। আমারে নিয়া কোনো পত্রিকা কিছু লিখলে যখন নিজে পড়তে পারি না, তখন মন খারাপ হয়। ইংরেজি পত্রিকা হইলে তো খালি চাইয়্যা থাকতে হয়। আগে লাখ, কোটির হিসাবও বুঝতাম না। এখন টাকা-পয়সা হাতাইতে হাতাইতে কোনটা লাখ আর কোনটা কোটি—তা বুঝতে পারি।’

তিনি বলেন, ‘আমি তো পড়তে পারি না, ছেলেমেয়েরা বেগম রোকেয়ার লেখা পড়ত। তখনই তাঁর কথা শুনছি। একজন নারী হইয়া এ রকম বিখ্যাত একজন নারীর নামের পদক পাইছি, কী যে আনন্দ—তা ভাষায় প্রকাশ করতে পারমু না।’

সদস্যদের নির্বাচিত ১২ জন প্রতিনিধির মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালিত হয়। এতে কর্মরত আছেন ৭১ জন। সমিতিতে মাসে গড়ে লেনদেন হয় প্রায় ১০ কোটি টাকা। ১৯৮৯ সালে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এলাকায় বিভিন্ন কার্যক্রম শুরু করে। এক বছর পর সংস্থাটি বয়স্ক শিক্ষা কার্যক্রম হাতে নেয়। শিক্ষার পাশাপাশি  সমবায় ও সঞ্চয়ের  ব্যাপারেও সদস্যদের সচেতন করা হয়। তখনই গোলাপ বানু সমিতি করার উদ্যোগ নেন। এক সময় ওয়ার্ল্ড ভিশন কার্যক্রম বন্ধ করে দেয়। তারা যাওয়ার আগে সমিতির জন্য কিছু সাহায্য করে। সদস্যদের শেয়ার ও সঞ্চয় সংগ্রহ নিয়ে সমিতি এখন প্রায় ১৬৫ কোটি টাকার নিজস্ব তহবিল গঠন করেছে। বর্তমানে সমিতিতে ১০টি প্রকল্প বা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমিতির হাউজিং প্রকল্পের আওতায় গাজীপুরের দুই জায়গায় জমি কিনেছে। সদস্যদের মধ্যে এক শটি প্লট বিতরণ করা হয়েছে।

গোলাপ বানুর সমিতিতে কর্মব্যস্ত সবাই। ছবি: মরিরুল আলম
গোলাপ বানুর সমিতিতে কর্মব্যস্ত সবাই। ছবি: মরিরুল আলম

গোলাপ বানু বলেন, ‘স্বামীর এক কথা, মহিলা মানুষ ক্যান ঘরের বাইরে যাইব। কিন্তু সংসার চালাইতে গিয়া আমি হিমশিম খাই। নুন আনতে পান্তা ফুরায়। বাপের বাড়ির কথা বইল্যা, কোনো সময় পালাইয়া ওয়ার্ল্ড ভিশনের বয়স্ক শিক্ষা নিতে আইতাম। তখনই সমিতি করার কথা চিন্তা করি। সমিতি করতে গিয়া পাড়ার মানুষের কথা শুনছি। তবে একসময় যখন তারা বুজঝে যে আমার উদ্দেশ্য খারাপ না, তখন আর বাধা দেয় নাই। যারা একসময় বাধা দিত, তারাই একসময় সমিতি থেকে ঋণ নেওয়া শুরু করে।’

মুঠোফোন এবং কাঁধে ভ্যানিটি ব্যাগ ব্যবহার করা গোলাপ বানুর সবচেয়ে অপছন্দ। আর অযথা গল্প না করে মানুষের উপকার করা এবং নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিতেই বেশি ভালো লাগে তাঁর।

 গোলাপ বানুর চার ছেলেমেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। আর্থিক সমস্যার কারণে ছেলেমেয়েদেরও খুব বেশি পড়াতে পারেননি। স্বামী হাবিবুর রহমান রাজমিস্ত্রির কাজ করতেন। এখন আল্লাহর পথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তাঁর সংসারের প্রতি টান কম।

গোলাপ বানুর বয়স ৬০ বছরের কাছাকাছি হবে। লেখাপড়া না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা বলত, মাইয়্যারা পইড়া কী জজ ব্যারিস্টার হইব? তবে এখন দুঃখ হয়। মনে হয় পড়ালেখা জানলে আরও অনেক কিছু করতে পারতাম।’

সমিতিটি এ পর্যন্ত দুবার জাতীয়ভাবে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বর্ণপদক পেয়েছে। সভানেত্রী গোলাপ বানু ২০১০ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

 গোলাপ বানু বলেন, ‘যারা সমবায় সমিতি করে, তারা আমার কাছে আসে। বলে, “মাথায় আপনি একটু হাত বুলাইয়া দেন, যাতে আপনার মতোন হইতে পারি।” আমি বলি, তোমরা আমার মতো ক্যান, আমার চাইতে বড় হওয়ার কথা চিন্তা করো।’