অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন মালেকা বেগম
পাক্ষিক অনন্যা ১৪১৮ সনের সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে। এ বছর অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক মালেকা বেগম। তাঁর ‘যৌতুকপ্রথার সামাজিক রূপ ও বাংলা সাহিত্যে তার প্রতিফলন’ বিষয়ক গবেষণার জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। এটি তাঁর পিএইচডি-অভিসন্দর্ভের বিষয়।অনন্যার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালেকা বেগমের গবেষণায় যেমন উঠে এসেছে বিষয়ের সামাজিক বিশ্লেষণ, তেমনি তিনি সাহিত্য থেকে সামাজিক বিষয়ে গবেষণার উপাদান খুঁজে বের করেন। এখানেই তাঁর বিশেষত্ব। তিনি নারী ইস্যুকে দেখেছেন গবেষণার বিষয় হিসেবে। আবার নারী আন্দোলনের কর্মী হিসেবে চেয়েছেন নারীর অবদমিত অবস্থানের পরিবর্তন। লেখা এবং রাজপথ—দুটিই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাঁর রচিত গ্রন্থের বিষয় বৈচিত্র্যপূর্ণ। তিনি রচনা করেছেন মুক্তিযুদ্ধ ও নারী বিষয়ে গ্রন্থ। ইলা মিত্র, উইনি ম্যান্ডেলাসহ অনেকের জীবনী রচনা করেছেন। বড় আয়তনে তিন খণ্ডে সম্পাদনা করেছেন বেগম পত্রিকার বিচিত্র বিষয়। সম্পাদনা করেছেন বেইজিং কর্মপরিকল্পনার ওপর ইস্যুভিত্তিক গ্রন্থ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালেকা বেগম বর্তমান বাংলা সাহিত্যে প্রবন্ধ-গবেষণায় বিশিষ্ট নাম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ রিসার্চ সেন্টার থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে অধ্যাপনা করছেন।আগামী অক্টোবর মাসে অনন্যার জন্মদিন সামনে রেখে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।