অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন আকতার কামাল

গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পেয়েছেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল।
আজ শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে আকতার কামালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ক্রেস্টের পাশাপাশি ৫০ হাজার টাকাও পান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চ শিক্ষার মাধ্যম হবে বাংলা, সেই স্বপ্ন সেভাবে পূরণ হয়নি। বর্তমানে গবেষণার স্তর নেমে গেছে। গবেষণার পরিমাণ কমার চেয়ে গুণগতমান কমেছে বেশি। বিষয়টি এখন পদোন্নতি পাওয়ার সঙ্গেও সম্পৃক্ত না। অনন্যা সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের চর্চাকে ধরে রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
১৯৯৩ সাল থেকে প্রতিবছর একজন নারী-সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনন্যা সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।
আলোচকেরা বেগম আকতার কামাল সম্পর্কে বলেন, তাঁর প্রবন্ধে নিজস্ব একটা ভঙ্গি আছে। সে কারণে সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে সহজেই তাঁকে আলাদা করে চিহ্নিত করা যায়। কবিতা নিয়ে বাংলাদেশে প্রতিনিধিত্বশীল কাজ করেছেন তিনি।
এ সময় আকতার কামাল বলেন, ‘আমার সাহিত্য চর্চার লক্ষ্য-জীবনের সামগ্রিক দিক থেকে সাহিত্যকে বিশ্লেষণ করা। ভবিষ্যতে নিজেদের একটি ‘সাহিত্যতত্ত্ব’ গড়ে তোলার ইচ্ছা আছে।’
বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর থেকেই মূলত তাঁর ভিন্ন ধাঁচের লেখালেখি শুরু।