অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন মুশতারী শফী

লেখক, নারীনেত্রী শহীদজায়া বেগম মুশতারী শফী ২০১৭ সালের অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন। শনিবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় মুশতারী শফী বলেন, ‘যত দিন বেঁচে থাকব তত দিন আমি সবার মাঝে থাকব। চট্টগ্রামের সব মানুষের পাশে থাকব। শুধু উদীচী নয়, প্রমা নয়, আমি সব সংগঠনের। যারা ডাকবে তাদের কাছে যাব।’
পাক্ষিক অনন্যা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী, লেখক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন মালেকা বেগম। মুখ্য আলোচক ছিলেন সাহিত্যিক ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
মুশতারী শফীকে উত্তরীয় পরিয়ে দেন মালেকা বেগম। এ ছাড়া সম্মাননা পদক ও নগদ এক লাখ টাকার চেক তুলে দেন অন্যান্য অতিথিরা। অনন্যা সাহিত্য পুরস্কার অনুষ্ঠান এই প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হলো।
আবুল মোমেন বলেন, অনেক যুদ্ধ করে মুশতারী শফী আজ এই পর্যায়ে এসেছেন। তিনি কখনো দিশেহারা হননি। তিনি এই সমাজের আলোর দিশারি। তিনি কখনো লক্ষ্য হারাননি। বিভিন্ন আমলে বেতারে কাজ করেও সব আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে ভূমিকা রেখে গেছেন। তাঁর মধ্যে কোনো দোলাচল নেই। মুশতারী শফীর এখনো একুশে পদক না পাওয়াকে বিস্ময়কর উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজ পরিবর্তন, নারী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনসহ মানুষের পক্ষে তাঁর কাজ অনন্য। লেখক হিসেবেও তাঁর জুড়ি নেই।
বিশেষ অতিথি অনন্যা সাবেক পুরস্কারপ্রাপ্ত লেখক মালেকা বেগম বলেন, ‘মুশতারী আপাকে উত্তরীয় পরিয়ে দিতে পেরে আমি ধন্য। বাকি জীবন ধন্য হয়ে থাকবে। মুশতারী শফীর সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণ করে মালেকা বেগম বলেন, ‘১৯৭০ সালে মহিলা পরিষদ গঠনের সময় তাঁর সঙ্গে পরিচয়। পরে বুঝলাম তিনি শুধু লেখক নন, একজন জীবন দ্রষ্টা। তাঁর কাছে বুঝেছিলাম আন্দোলন মানে কেবল মিছিল সংগ্রাম নয়, লেখনীর মাধ্যমেও আন্দোলন সংগ্রাম করা যায়।’ তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৩ মার্চ আমি ও সুফিয়া খালাম্মা (সুফিয়া কামাল) চট্টগ্রাম এসেছিলাম। সেই সময় মহিলা পরিষদের মিছিলের ছবিটি পাক হানাদার বাহিনীর হাতে চলে গিয়েছিল। সেই ছবিতে মুশতারী আপা, আমিসহ অন্যরা ছিলাম। ঢাকায় ফেরার পর আমার প্রয়াত ভাই মুক্তাদির বলল, ঢাকা ছেড়ে যেতে হবে আমাকে কারণ ছবিটি আর্মিরা পেয়ে গেছে।’
মুশতারী শফী সম্পর্কে ফেরদৌস আরা আলীম বলেন, তাঁর জীবনটাই একটা যুদ্ধ জীবন। যে জীবনের ভার তিনি এখনো বয়ে চলেছেন। আমাদের যুদ্ধ নয় মাসে শেষ হলেও তাঁর যুদ্ধ এখনো শেষ হয়নি। সময়ের সাক্ষ্য বহন করে এগিয়ে চলেছেন, কিন্তু রণক্লান্ত হননি। তিনি পুরস্কার পাননি, পুরস্কার তাঁকে পেয়ে ধন্য হয়েছে।
তাসমিমা হোসেন বলেন, ‘এখানে এসে বুঝলাম ঢাকার বাইরে আগেই আসা উচিত ছিল। আজ মুশতারী শফীকে পুরস্কৃত করে বুঝতে পারলাম মুক্তিযুদ্ধে কত অবদান নারীদের।’
সাহিত্য সমালোচক আলম খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম। প্রমা আবৃত্তি সংগঠনের আবৃত্তিকারেরা মুশতারী শফীর রচনা থেকে পাঠ করে শোনান।