অনভিজ্ঞ চিকিৎসকের অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়ার জনকল্যাণ জেনারেল হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর আরফান আলী (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে৷ অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ আরফান উপজেলার বাউখন্ড গ্রামের সেলিম হোসেনের ছেলে৷
আরফানের পারিবার জানায়, প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হওয়ার পর আরফানকে গত রোববার জনকল্যাণ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই দিনই অবেদনবিদের সহায়তা ছাড়া মানিকগঞ্জেরে ডক্টরস ক্লিনিকের মালিক খায়রুল ইসলাম তাঁর শরীরে অস্ত্রোপচার করেন৷ গতকাল বুধবার বিকেলে আরফান মারা যান৷
জনকল্যাণ হাসপাতালের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, খায়রুল মাঝেমধ্যেই তাঁদের হাসপাতালে বিভিন্ন রোগের অস্ত্রোপচার করে থাকেন৷ আরফান আলী তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে খবর দিয়ে আনা হয়৷ তিনি নিজেই আরফানকে অচেতন করে অস্ত্রোপচার করেন৷ এর পর থেকে আরফান তাঁদের হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন৷ গতকাল দুপুরে আরফান অসুস্থ হয়ে পড়েন৷ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে িতনি মারা যান৷
আরফানের বাবা সেলিম হোসেন অভিযোগ করেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর ছেলে জনকল্যাণ জেনারেল হাসপাতালেই মারা যান৷ মারা যাওয়ার পর নিজেদের দায় এড়াতে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়৷
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খায়রুল বলেন, সফলভাবেই আরফানের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়৷ অস্ত্রোপচারের কারণে তিনি মারা যাননি৷ তাঁর মৃত্যু হয়েছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে৷ তবে এ-সংক্রান্ত কোনো প্রমাণ তাঁর কাছে নেই৷
মানিকগঞ্জের সিভিল সার্জন শাহ আলম বলেন, কোনো রোগীর দেহে অস্ত্রোপচারের আগে তাঁকে একজন অবেদনবিদ অচেতন করবেন৷ এরপর সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ একজন চিকিৎসক রোগীর অস্ত্রোপচার করবেন৷ কিন্তু চিকিৎসক খায়রুল ইসলাম সাধারণ এমবিবিএস পাস৷ তাঁর অস্ত্রোপচার ও অচেতন করার বিষয়েও প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই৷ শাহ আলম বলেন, এর আগে গত ২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সাটুরিয়ায় নাজমা আক্তার নামের এক রোগীসহ বেশ কয়েকজন রোগী শাহ আলমের ভুল চিকিৎসায় মারা গেছেন৷