অনলাইন নিবন্ধন ও এমআরপি বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর (২০১৫ সালে) হজে যাওয়ার জন্য অনলাইন নিবন্ধন ও যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে। মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন আগামীবার হজ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন। 
গতকাল সোমবার মন্ত্রিসভায় পবিত্র হজ প্যাকেজ-২০১৫-এর খসড়া অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ পালন করা হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে অনলাইনে হজ পালনের নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি। নিবন্ধনের সময় অন্তত এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে। বাকি টাকা পরিশোধের জন্য সময় পাওয়া যাবে ১০ জুন পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য দুটি প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম প্যাকেজে কোরবানি বাদে থাকা-খাওয়াসহ মোট খরচ হবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। দ্বিতীয় প্যাকেজে কোরবানি বাদে সম্ভাব্য ব্যয় দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এ ছাড়া কোরবানি বাবদ প্রত্যেক হজযাত্রীকে ১০ হাজার ৫০০ টাকা আলাদাভাবে নিতে হবে। কোরবানির খরচ ছাড়াও ব্যক্তিগতভাবে প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন।
গত বছর প্রথম প্যাকেজের জন্য হজযাত্রীদের দিতে হয় তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ ছিল দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা।
আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় কোনো হজযাত্রীর কাছ থেকে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম নেওয়া যাবে না। এবার হজযাত্রীর বিমান ভাড়া এক হাজার ৫২৫ ডলার। সরকারি ও বেসরকারি হজযাত্রীদের সৌদি সরকার অনুমোদিত ক্যাটারিং কোম্পানি থেকে তিন বেলা খাবার সরবরাহ করা হবে।
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের সভাপতি ইব্রাহিম বাহার প্রথম আলোকে বলেন, ‘দুটি বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রথমত বলা হয়েছে, নিবন্ধনের সময়েই এমআরপি দিতে হবে। অনেকেই হয়তো হজে যাবেন, কিন্তু এমআরপি এখনো করেননি। কাজেই পরিচয়পত্র দিয়েই নিবন্ধনের সুযোগ দেওয়া উচিত ছিল। আর দ্বিতীয় বিষয় হলো, নিবন্ধনের সময়েই দেড় লাখ টাকা দেওয়ার। অনেকের কাছেই সেই টাকা নেই। কারণ, অনেকে মাত্র হজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই এখন শুধু মোয়াল্লাম ফি নেওয়া যেতে পারে, যেটা সৌদি আরবে পাঠাতে হবে। বাকি টাকা পরে দেওয়ার সুযোগ রাখা উচিত।’