অনলাইন নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বোর্ডের নির্দেশনা অমান্য করে দুবছর ধরে অনলাইন নিবন্ধনের (রেজিস্ট্রেশন) নামে একাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ বিষয়ে একাদশ শ্রেণীর ছাত্রীদের পক্ষ থেকে গত সোমবার বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়েছে, সরকারি মহিলা কলেজে নিয়মবহির্ভূতভাবে অনলাইন নিবন্ধন বাবদ ১০০ টাকা করে আদায় করা হচ্ছে প্রতিটি ছাত্রীর কাছ থেকে। আদায় করা অর্থের বিপরীতে কোনো রসিদও দেওয়া হচ্ছে না।কলেজ সূত্রে জানা যায়, মহিলা কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান বিভাগে ৯০০ ছাত্রী পড়াশোনা করছেন। সেই হিসাবে ৯০ হাজার টাকা আদায় হবে এভাবে। একই নিয়মে গত বছরও অনলাইন নিবন্ধনের জন্য টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। গত বছর থেকে বোর্ড অনলাইন নিবন্ধন কার্যক্রম চালু করে।এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘বোর্ড থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের জন্য কোনো ফি আদায়ের নির্দেশনা দেওয়া হয়নি কোনো কলেজ কর্তৃপক্ষকে।’জানা গেছে, গত সোমবার থেকে মহিলা কলেজে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের নাসিরাবাদে মহিলা কলেজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে ১০০ টাকা করে কলেজের করনিক অনলাইন নিবন্ধন বাবদ আদায় করেছেন। কিন্তু কোনো রশিদ দেননি।’ মানিক লাল নাথ নামের এক অভিভাবকও বলেন, ‘আমার মেয়ে আমার কাছ থেকে কলেজের ফি বাবদ ১০০ টাকা নিয়ে গেছে।’জানতে চাইলে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম বাধ্যতামূলকভাবে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রীরা কেউ বাইরে থেকে ছবি তুলে আনলে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। কলেজে ছবি তোলা, স্ক্যানিং কাজে নিয়োজিত কর্মচারীদের খরচ বাবদ কিছু টাকা নেওয়া হচ্ছে।’