অনলাইন নীতিমালা প্রায় চূড়ান্ত: প্রধান তথ্য কর্মকর্তা
অনলাইন নীতিমালার কাজ প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী। তিনি বলেছেন, কাজ প্রায় ৯৮ শতাংশ হয়েছে। আর একটা বৈঠক হলেই নীতিমালা চূড়ান্ত করার কাজ শেষ হবে। দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এ আইন করা হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, এসডিজি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক অনুষ্ঠানে শামীম চৌধুরী এসব কথা জানান। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, তথ্য অধিদপ্তরের চিফ ফিচার রাইটার মোহাম্মদ আলী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করেছে সরকার। সম্প্রচার নীতিমালা পাস হয়েছে। অনলাইন নীতিমালা করা হচ্ছে। সব কটি নীতিমালার মধ্যে সমন্বয় থাকা দরকার। সে জন্য একটু সময় লাগছে। রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্য যা যা দরকার, তা করা হবে। তিনি জানান, গত দুই মাসে তথ্য অধিদপ্তরের কাছে ১ হাজার ৮০০–এর বেশি আবেদন এসেছে। এর মধ্যে ৬০-৭০টি অনলাইন টেলিভিশন ও ৩০-৩২টি অনলাইন রেডিওর আবেদনও রয়েছে।