অনলাইন প্রতারণায় গ্রেপ্তার দুলাল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন প্রতারণায় জড়িত অভিযোগে দালিলুর রহমান ওরফে দুলাল (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।ডিবি সূত্র জানায়, তাদের একটি দল গোপন তদন্তে নিশ্চিত হয়ে রাত নয়টার দিকে বারিধারার ৪ নম্বর লেনের ৩০২ নম্বর বাসায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করে। এরপর প্রতারিত লোকজন বাদী হয়ে ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানায় পৃথক চারটি মামলা করেন।দুলাল ২০০৯ সাল থেকে প্রতারণা শুরু করেন। প্রথমে জবস ঢাকা.কম সাইট ব্যবহার করে লিংক লাইন কোম্পানির নামে বিদেশে জনশক্তি রপ্তানি, হোটেল ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও অনুষ্ঠান ব্যবস্থাপনা ব্যবসার নামে তিনি লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেন। পরে বিডি.জবস.কম সাইট ব্যবহার করে দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলে উচ্চবেতনে চাকরির প্রলোভন দিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেন। সম্প্রতি ভিসা ইন্টারন্যাশনাল কোম্পানি নামে দি আরমানি হোটেল দুবাইয়ে ২৭৮ জন লোক উচ্চবেতনে নিয়োগের বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে টিকিট ও ভিসা হওয়ার পর দুবাইয়ের দি আরমানি হোটেলে বাংলাদেশি ৩৫ হাজার টাকা বেতনে চাকরির কথা বলা হয়। শত শত শিক্ষিত বেকার যুবক অনলাইনে এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আড়াই হাজার টাকার নিবন্ধন ফি দিয়ে আবেদন করেন।বুধবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠিয়ে দেন।