অনলাইন প্ল্যাটফর্মেও শিবগঞ্জের আম
আমের অঞ্চল হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিচিতি অনেক আগে থেকেই। আমের উৎপাদন, গুণগত মান, স্বাদ ও জাতের বৈচিত্র্যের কারণে এই জেলা ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় শিবগঞ্জ উপজেলায়।
২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম জিআই স্বীকৃতি লাভ করে এবং ২০২২ সালে ফজলি আম জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে, রয়েছে সনদপ্রাপ্তির অপেক্ষায়। কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ সেই পণ্য ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়।
শিবগঞ্জের আম সারা দেশে পৌঁছে দিতে সহযোগিতা করছে সুইসকন্টাক্ট। স্থানীয় চাষিদের বিভিন্ন ই–কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে সুইসকন্টাক্ট তাদের আম ভোক্তাপর্যায়ে সরবরাহ করতে সহযোগিতা করছে। সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে সুইসকন্টাক্ট এবং স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) যৌথ উদ্যোগে প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় এ কাজ করা হচ্ছে। শিবগঞ্জে আমচাষিদের উন্নয়নে প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় শিবগঞ্জ পৌরসভা ও ম্যাঙ্গো প্রডিউসার কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড যৌথভাবে বিভিন্ন কাজ করছে।
এ উদ্যোগের অংশ হিসেবে সুইসকন্টাক্টের সহযোগিতায় ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি আমকিনি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। আমকিনির মাধ্যমে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা আমের অর্ডার পাচ্ছেন। ক্যাশ অন ডেলিভারি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করে আম পাঠানো হচ্ছে।
শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক মো. ইসমাইল খান শামীম বলেন, ‘আম উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছে সরকারের স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটি মৌসুমি ব্যবসা হওয়ায় ২-৩ বছর ধরে আমরা একসঙ্গে কাজ শুরু করেছি এবং লাভবান হচ্ছি। ভোক্তার দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছি মানসম্মত আম। আমকিনি এ কাজ আরও সহজ করে দিয়েছে।’
মো. ইসমাইল খান শামীম জানান, প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ৫০০ আমচাষি এবং ১০ জন আম ব্যবসায়ী একসঙ্গে ই–কমার্স সাইটে যুক্ত হয়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন সুপারশপেও আম সরবরাহ করছেন।
প্রবৃদ্ধি প্রকল্পের প্রধান সমন্বয়ক নাহিদ সুলতানা বলেন, ‘আমরা এখানকার চাষি, আম ব্যবসায়ী ও ম্যাঙ্গো অ্যাসোসিয়শনকে তাদের আমের ব্র্যান্ড তৈরিতে সাহায্য করছি। তাদের আরও বড় পরিসরে ভোক্তাদের সঙ্গে যুক্ত করতে আমকিনি একটি উদ্যোগের অংশ মাত্র।’