অনলাইন ফ্যাশন হাউসের পণ্য নিয়ে প্রদর্শনী
দৃষ্টিনন্দন শাড়ি, বাহারি সালোয়ার-কামিজ, দেশীয় পোশাক অথবা দেশি-বিদেশি গয়না কিনতে আগে যেতে হতো বিপণিবিতানে। কিন্তু ফেসবুক বা অন্যান্য অনলাইন সামাজিক মাধ্যমের কল্যাণে এখন এসব পাওয়া যায় কম্পিউটারে বা ল্যাপটপে। গড়ে উঠেছে অনেক অনলাইন বুটিক ও ফ্যাশন প্রতিষ্ঠান।
এসব অনলাইন বুটিক ও ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ‘উইন্টার ফেয়ার ২০১৫’ শীর্ষক এক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। ধানমন্ডির পুরান ২৭ নম্বর সড়কের উইমেন্স ভলানটারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে আয়োজিত প্রদর্শনীটি চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। প্রদর্শনীটির আয়োজন করেছে সারান্স ইভেন্টো।
এই মেলায় লিজিজ লেডি লাইক, সিস্টার্স বুটিক, সাহনায আবায়া হাউস, গার্লস ট্রেন্ডি, কালারশেড, বেস্ট বাংলাদেশ, আরিজ বুটিক, জাবিন্স ওয়্যারড্রব, রয়েল প্রিন্সেসসহ মোট ২৬টি অনলাইন প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করছে।
প্রদর্শনীতে থাকবে শীতের পোশাকের নতুন সব কালেকশন। পাশাপাশি থাকবে বাচ্চাদের পোশাক, শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি, হিজাব, বোরকা ইত্যাদি। কয়েকটি প্রতিষ্ঠান ভারতীয় ও পাকিস্তানি পণ্যও আনছে।