অনলাইন ব্যাংকিংয়ের হিসাবে টাকার গরমিল!
নোয়াখালী জেলার প্রধান ডাকঘরে গত মঙ্গলবার অনলাইন ব্যাংকিংয়ের হিসাবে প্রায় ২৬ লাখ ৬৯ হাজার টাকার গরমিল ধরা পড়েছে।
ঘটনার পর থেকে ডাকঘরের ট্রেজারার আবু সায়েমকে ডাকঘরে আটকে রাখা হয়েছে। সায়েমের ভাই কামাল হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা জানান।
পুলিশ ও ডাক বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার ডাক বিভাগের নিয়মিত নিরীক্ষায় গত সেপ্টেম্বর মাসের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে নোয়াখালী থেকে বিভিন্ন তারিখে ঢাকায় পাঠানো টাকার হিসাবে গরমিল দেখা যায়। এরপর ডাকঘরের ট্রেজারার আবু সায়েমকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইকরামুল হকসহ জেলা কর্মকর্তারা গতকাল সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে গরমিলের প্রমাণ পান।
এদিকে ডাকঘরের টাকার গরমিল এবং ট্রেজারারকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে গতকাল বিকেলে জেলার প্রধান ডাকঘরে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা ভিড় করেন। সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য প্রদান কিংবা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি। একপর্যায়ে সুধারাম থানার পুলিশ সেখানে গেলে তাঁদেরও ঢুকতে দেওয়া হয়নি। পরে থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভেতরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় পোস্টমাস্টার প্রায় ২৬ লাখ ৬৯ হাজার টাকার হিসাবের গরমিলের বিষয়টি স্বীকার করেন।
জানতে চাইলে জেলার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার এস এম সহিদউল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।