অনলাইন মুদিখানার যাত্রা শুরু
‘নিরাপদ খাদ্য নিরাপদ জীবন’ শপথ নিয়ে যাত্রা শুরু করল অনলাইন মুদিখানা ‘গ্রিন গ্রোসার লিমিটেড’। গতকাল শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলরুমে মোড়ক উন্মোচন ও উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে অনলাইন শপটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রাথমিক অবস্থায় রাজধানী ঢাকাতেই তাঁদের কার্যক্রম চলবে। তাঁরা দেশের সেরা কৃষকদের কাছ থেকে সেরা পণ্য সংগ্রহ করে তা মান নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। গ্রাহকেরা তাঁদের মুঠোফোনে অথবা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের চাহিদা মোতাবেক পণ্য কিনতে পারবেন। প্রতিষ্ঠানটির নিজস্ব পরিবহনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে। গ্রাহকেরা এটিএম কার্ডের মাধ্যমে অথবা পণ্য পৌঁছে দেওয়ার সময়ও বিল পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম বলেন, ‘ব্যবসা ও সেবা একসঙ্গে করাই আমাদের লক্ষ্য। ব্যস্ততম ঢাকা শহরে সঠিক সময়ে সঠিক জিনিস আমরা কিনতে পারি না। তাই ভেজালমুক্ত জিনিসের বাজার তৈরি কারই আমাদের লক্ষ্য।’