অনলাইন লাইব্রেরি হলে বই পড়া বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণেরা দিনের বেশির ভাগ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করে। এ সময়ে অনলাইনে বই পড়ার ব্যবস্থা করা হলে পাঠাভ্যাস বাড়বে, বইয়ের চাহিদাও বাড়বে। তরুণদের বই পড়ায় আকৃষ্ট করতে এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন লাইব্রেরির প্রয়োজন।

সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম গতকাল শনিবার নগরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস কর্মসূচির সিলেট বিভাগের সেরা সংগঠকদের পুরস্কার বিতরণ উপলক্ষে এর আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)’ শীর্ষক কর্মসূচিতে সিলেট বিভাগের ২৬টি উপজেলার ৭৭ জন সংগঠককে ওই পুরস্কার দেওয়া হয়। গতকাল সকালে জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনার এ পুরস্কার তুলে দেন।

বক্তৃতাকালে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে তরুণ সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, অপসংস্কৃতি গ্রাস করছে। এ অবস্থায় জীবনমুখী শিক্ষা, নৈতিক শিক্ষা থেকে দিন দিন সরে আসছে তরুণেরা। এ কর্মসূচির মাধ্যমে তরুণদের বইমুখী করার উদ্যোগ অভিনন্দনযোগ্য।

অনুষ্ঠানে জানানো হয়, ‘আলোকিত মানুষ চাই’—এ স্লোগানে সিলেট বিভাগের ২৬টি উপজেলায় ২০১৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে দায়িত্ব পালনকারী সংগঠকদের মধ্যে সেরা সংগঠকদের উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়। এতে ৭৭ জন সংগঠক নির্বাচিত হন।

২০১৭ সালে সারা দেশে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ২১ লাখ ৭০ হাজার পাঠক হয়েছে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, সব পাঠক যেন নিয়মিত বই পড়েন ভবিষ্যতে তা নিশ্চিত করার জন্য সংগঠকদের আরও সক্রিয় থাকতে হবে। দেশের ২৫০টি উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ভবিষ্যতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২০১৮ সাল থেকে আলাদা প্রকল্পের মাধ্যমে পাঠাভ্যাস কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রকল্পটির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহামুদ-উল-হক সভাপতিত্ব করেন। তিনি বলেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে গুণগত শিক্ষায় শিক্ষিত জনশক্তির প্রয়োজন। আর এ ক্ষেত্রে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অগ্রণী ভূমিকা রাখবে। এ কর্মসূচির উদ্দেশ্য জীবনকে আলোকিত ও বিকশিত করা। ২০৩০ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত এবং উন্নত দেশ গড়ার জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে।

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ, প্রকল্পটির উপপরিচালক প্রিম রিজভী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার (উপসচিব) শরিফ মো. মাসুদ। সেরা সংগঠক পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ার কানাহটি উচ্চবিদ্যালয়ের সংগঠক আতিকুর রহমান, এমসি পুটিজুরি উচ্চবিদ্যালয়ের মাসুদা আক্তার বক্তব্য দেন।