ন্যায্য অভিবাসন ও অনলাইন স্বাধীনতার পক্ষে কাজ করার অঙ্গীকার করার মধ্য দিয়ে শেষ হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৩তম অধিবেশন। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় সমাপ্ত অধিবেশনে এ বিষয়ে এক প্রস্তাবও গ্রহণ করা হয়। অধিবেশনে বাংলাদেশসহ ১৩৭টি দেশের সাংসদেরা অংশ নেন।
আইপিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের কারাদণ্ড না দেওয়া, সেন্সরশিপ, অনলাইনে কারও ব্যক্তিগত কার্যক্রমে গোপনে হস্তক্ষেপ এবং অন্য যেকোনো উপায়ে দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করার জন্য প্রস্তাবে সব সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।
প্রস্তাবে সদস্য দেশগুলোর পার্লামেন্টগুলোকে জাতীয় নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতার মাঝে ভারসাম্য রেখে বিদ্যমান আইনগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানানো হয়। জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যাতে গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইপিইউ। কারও ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য পূর্বানুমতির ওপর গুরুত্বারোপ করা হয় প্রস্তাবে। ব্যক্তির গোপনীয়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় প্রস্তাবে।
বিদ্যমান শরণার্থী ও অভিবাসন-সংকটের পরিপ্রেক্ষিতে আইপিইউ সুষ্ঠু অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার প্রস্তাব গ্রহণ করেছে। অভিবাসন-সংকট মোকাবিলা, শরণার্থীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সদস্য দেশগুলোর সাংসদদের কর্মপন্থার কাঠামো প্রণয়ন করা হয় ২৫ দফা এ প্রস্তাবে।
আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভার সিআইসিজি সম্মেলনকক্ষে ১৩৩তম আইপিইউর অধিবেশন শুরু হয়। এতে ৬৫০ জন এমপি অংশ নেন, যাঁদের মধ্যে ৯২ জন স্পিকার ও ডেপুটি স্পিকার এবং ২১৩ জন নারী।
বক্তৃতায় আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, ‘অভিবাসন জীবন, সমাজ ও অর্থনীতিকে ইতিবাচকভাবে পরিবর্তনের একটি সুযোগ। আমরা ইতিহাসজুড়ে এটা দেখে এসেছি।’ প্রস্তাবে অভিবাসী ও শরণার্থীদের অধিকার রক্ষা করে—এমন আন্তর্জাতিক আইনকে অনুসমর্থনে কাজ করার অঙ্গীকারের কথাও বলা হয়। এ ছাড়া অভিবাসী ও শরণার্থীর মৌলিক অধিকারপ্রাপ্তি নিশ্চিত করতে জাতীয় আইনগুলো পর্যালোচনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।