অনলাইনে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুমিল্লার সরকারি তিনটি কলেজের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র অনলাইনে পূরণ করতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে জমা করা আবেদনপত্রের তথ্য অনলাইনে পাঠাতে গিয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষও জটিলতায় পড়ছে। সার্ভার সমস্যার কারণে এমনটা হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজে ভর্তি-ইচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থী ও কর্তৃপক্ষ সূত্রে ওই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাঁরা অবিলম্বে ভর্তির আবেদন ফরম পূরণের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। জানা গেছে, ১০ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণের কাজ শুরু হয়। আজ রোববার ওই ফরম পূরণের শেষ দিন। শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা সমস্যায় পড়েন। এরপর কলেজগুলোকে শিক্ষার্থীদের জমা করা আবেদনের তথ্য অনলাইনে পাঠাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজে ওই সমস্যা দেখা দিয়েছে।গতকাল বহু শিক্ষার্থী বিভিন্ন সাইবার ক্যাফেতে ফরম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েন। তাঁদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ওয়েবসাইটে আবেদন পাঠানো যাচ্ছে না। অথচ রোববার (আজ) ভর্তি ফরম পূরণের শেষ দিন। এ ব্যাপারে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক বলেন, ‘সার্ভার সমস্যার কারণে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষকেও ঝামেলায় পড়তে হচ্ছে। আমাদের কলেজে আসনসংখ্যার বিপরীতে খুবই কম আবেদন জমা পড়ছে।’ গতকাল শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০টি বিষয়ে তিন হাজার ৬০৫ আসনের বিপরীতে ছয় হাজার ১০০টি আবেদন জমা পড়ে। কুমিল্লা সরকারি কলেজে চারটি বিষয়ে ৫৫০টি আসনের বিপরীতে এক হাজার ৫০টি আবেদন জমা পড়ে। কুমিল্লা সরকারি মহিলা কলেজে নয়টি বিষয়ে ৭২০ আসনের বিপরীতে ৫৫৩টি আবেদন জমা পড়েছে।