অনলাইনে কোরবানির পশু কেনায় সাড়া ভালো
ঈদে অনলাইনে কোরবানির পশু কেনার ব্যবস্থা চালু হয়েছিল কয়েক বছর আগে। তবে এবারই প্রথম কেনার পর ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার সেবা চালু করা হয়েছে। প্রথমবারের এ উদ্যোগে সাড়াও ভালো।
২০১২ সাল থেকে বাড়ছে অনলাইনে গরু-ছাগল কেনাবেচা। তবে এ বছর অনলাইন মার্কেটপ্লেসে অন্য যেকোনো বছরের তুলনায় বেশি পশুর বিবরণ দেওয়া হয়েছিল। বিক্রয় ডটকম, কেইমু ডটকম, এখানেই ডটকমের মতো প্রতিষ্ঠানগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।
এবারই প্রথম বেঙ্গল মিট কোরবানির পশু বাছাই, কেনা ও প্রক্রিয়াজাত করার সেবা শুরু করেছে। বিক্রয় ডটকম গত কয়েকবার কেবল অনলাইনে গরুর বিজ্ঞাপন দিত। ক্রেতা-বিক্রেতারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কেনাবেচা করতেন। এবার কোরবানির গরু-ছাগল কেনা ও বাড়ি পৌঁছে দেওয়ার সেবা দেওয়া হয়েছে।
বেঙ্গল মিটের সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুমুল হক বলেন, প্রতিষ্ঠানটি নিজস্ব খামার ও বিভিন্ন জেলা থেকে বাছাই করে গরু সংগ্রহ করে ছবি ও বিবরণ এই লিংকে দিয়েছিল। প্রায় সাড়ে তিন শ পশুর ছবি ও বিস্তারিত বিবরণ দিয়েছিল তারা। এর মধ্যে ৯০ শতাংশের ফরমাশ পাওয়া গেছে। প্রক্রিয়াকরণ বাবদ ১৭ হাজার টাকা নিচ্ছেন তাঁরা। গ্রাহকেরা ঈদের তৃতীয় দিন মাংস পাবেন।
এলিফ্যান্ট রোডের বাসিন্দা মুনির হাসান হজে গিয়েছেন এবার। যাওয়ার আগে বেঙ্গল মিটের অনলাইন সেবার মাধ্যমে পছন্দের গরু কিনে ফেলেছেন। পাবনায় তাঁর কেনা গরু ভেটেরিনারি পরীক্ষা শেষে রাখা হয়েছে। ঈদের দিন কোরবানির পর প্রক্রিয়াজাত করে তৃতীয় দিন ঢাকায় তাঁর বাসায় পৌঁছে দেওয়া হবে।
বিক্রয় ডটকমের বিপণন পরিচালক মিশা আলী প্রথম আলোকে বলেন, এবার তাঁদের অনলাইনে কোরবানির গরু-ছাগল কেনা ও বাড়ি পৌঁছে দেওয়ার সেবা দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি প্রায় এক শ আদেশ পেয়েছে। পর্যায়ক্রমে গ্রাহকদের বাসায় পশু পৌঁছে দেওয়া হচ্ছে। এ জন্য সেবা পেতে তিন হাজার টাকা অগ্রিম দিতে হয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দুই হাজার পশুর ছবি ও বিবরণ দেওয়া হয়েছিল। এবার ছয় হাজার পশুর ছবি ও বিবরণ দেওয়া হয়েছে।
এখানেই ডটকমের ওয়েবসাইটে ৪২ হাজারেরও বেশি কোরবানির গরুর তথ্য আপলোড করা হয়েছে এবার। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ক্লাসিফায়েড ওয়েবসাইটে একই সঙ্গে ৪২ হাজারেরও বেশি কোরবানির গরুর তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এ ছাড়া কেইমু ডটকম, হাটেরগুরু ডটকম (haaterguru.com) ওয়েবসাইটে কোরবানির হাট ও পশুসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ছিল।